ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ওই আসনের মোট ১৭৩টি কেন্দ্রের ফলাফল গণনা শেষে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনের শুরু থেকেই আসনটিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেলেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয়ের মালা পরেন দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী।
নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্রে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান পেয়েছেন মোট ৯৬ হাজার ৭৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ৯২৭ ভোট। ফলে আরমান ১৫ হাজার ৮৫৭ ভোটের ব্যবধানে সানজিদাকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বিজয়ী প্রার্থী ব্যারিস্টার আরমান রাজনৈতিক এবং আবেগীয়ভাবে এই নির্বাচনের এক অনন্য চরিত্র। বিগত আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে তিনি দীর্ঘ প্রায় আট বছর ধরে আয়নাঘরে গুমের শিকার ছিলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি মুক্ত বাতাসে ফিরে আসেন।
আরটিভি/এআর





