বিএনপিকে অভিনন্দন জানাল জাতীয় পার্টির একাংশ

আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৭:৩৫ পিএম


তারেক রহমানকে জাতীয় পার্টির অভিনন্দন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নিরঙ্কুশ ও ঐতিহাসিক বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছে জাতীয় পার্টির (জাপা) একাংশ। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এই অভিনন্দন জানান। তারা মনে করছেন, তারেক রহমানের এই বিজয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক এবং আগামীর সমৃদ্ধ বাংলাদেশের পথপ্রদর্শক।

যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির নেতারা উল্লেখ করেন, বিএনপি তথা তারেক রহমানের এই অভাবনীয় বিজয় দেশের অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তি এবং মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার পুনর্জাগরণের প্রতীক। তারা আশা প্রকাশ করেন, তারেক রহমানের দূরদর্শী ও সুযোগ্য নেতৃত্বে দেশের জাতীয় সার্বভৌমত্ব আরও সুসংহত হবে এবং স্বাধীনতার মূল আদর্শগুলো সমুন্নত থাকবে। দীর্ঘ সময় পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট পাওয়ায় তারা তারেক রহমানকে পরিবর্তনের মহানায়ক হিসেবে অভিহিত করেছেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিএনপি সরকারের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রের এক নতুন ও শক্তিশালী যাত্রা সূচিত হবে। যেখানে দেশের সকল দল ও মতের মানুষ ভয়হীনভাবে তাদের অধিকার চর্চা করতে পারবে এবং নির্বিঘ্নে মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করবে। 

জাতীয় পার্টির নেতারা বিশ্বাস করেন, তারেক রহমান তরুণ প্রজন্মের স্বপ্নের প্রতিফলন ঘটাবেন এবং তাদের আধুনিক ও কর্মসংস্থানমুখী বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাবেন।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির নেতৃদ্বয় তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, সাধারণ জনগণের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন এবং উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় তার নতুন সরকারের ভূমিকা হবে অত্যন্ত সক্রিয় ও সময়োপযোগী। তারা আশা প্রকাশ করেন যে, এই নতুন সরকার দেশে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার রাজনৈতিক প্রতিহিংসা দূর করে একটি ঐক্যবদ্ধ জাতি গঠনে সফল হবে বলেও তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

আরটিভি/এআর  
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission