রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অফিস কক্ষে ঢুকে ভাঙচুর ও এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবারের ওই ঘটনার পর শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে আকবর আলীর বিরুদ্ধে। সুতরাং দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আকবর আলী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে ছিলেন। গত বৃহস্পতিবার দুপুরে কলেজটিতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে অনাকাঙ্ক্ষিত ওই ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ ও শিক্ষিকাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে কলেজ কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা হয়।
আরটিভি/এমএ



