বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি বা প্রতিবন্ধীদের জন্য গণপরিবহনসহ সব ধরনের পরিবহনে বিনা ভাড়ায় বা বিশেষ সুবিধায় যাতায়াত নিশ্চিত করতে সরকার কাজ করছে। কারণ প্রতিবন্ধীবান্ধব দেশ গড়তে বাস-ট্রেনসহ দেশের সব অবকাঠামোতে তাদের প্রবেশ ও চলাচল নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (১৪ মে) কড়াইলে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধনও করেন ডা. জুবাইদা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এ বিষয়ে তিনি বলেন, কোনো প্রতিবন্ধিতা যেন শিশুদের গড়ে ওঠার পথে প্রতিবন্ধকতা তৈরি না করে, তার জন্য ‘শিশুস্বর্গ প্রকল্প’ তৈরি করা হয়েছে।
উদ্বোধনের আগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি), সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এছাড়া অনুষ্ঠানে জানানো হয়, সারাদেশে প্রতিবন্ধী সেবা প্রতিষ্ঠানগুলোকে নজরদারিতে আনা হয়েছে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে ত্রুটি পেলে রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে সিটি এলাকায় রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স নিতে প্রতিবন্ধীদের জন্য ওঠা-নামার রাস্তা এবং বাথরুম নিশ্চিতের নির্দেশনা দেয়া হয়েছে। এসব সুবিধা নিশ্চিত করা না হলে সিটি করপোরেশনকে লাইসেন্স না দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
প্রতিবন্ধীদের জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আরও আলম বলেন, নতুন করে গড়ে ওঠা প্রতিটি ভবনে যাতে করে প্রতিবন্ধীদের উঠা নামার ব্যবস্থা করা হয় সে বিষয়ে অনুশাসন জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এছাড়া অন্য অথিথিরা জানান, প্রতিটি উপজেলায় প্রতিবন্ধীদের জন্য গঠিত সেবাদানকারী স্কুল এবং প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে। কার্যক্রমে ত্রুটি পেলে রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার বলেও জানান প্রতিমন্ত্রী।
আরটিভি/এমএম



