বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ার কুয়ালালামপুরে চিকিৎসাধীন। দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে হওয়ায় জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন বলে জানান সহধর্মিণী আফরোজা আব্বাস।
শনিবার (১৬ মে) স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকরা তার সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় তার চিকিৎসার খোঁজ নিলে জানা গেছে, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। চিকিৎসকরা তাকে বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থাকে আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল বলছেন চিকিৎসকরা। এ ছাড়াও নিয়মিত খোঁজ খবর রাখছেন মালয়েশিয়া বিএনপির নেতাকর্মীরা।
আফরোজা আব্বাস বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসার প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসক দল তার শারীরিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। চিকিৎসকের পরামর্শে প্রতিদিন হাসপাতালের নিচে হুইলচেয়ারে করে কিছু সময় চলাফেরাও করছেন তিনি। পাশাপাশি মালয়েশিয়া প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা তাকে একনজর দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন। তাদের সঙ্গে কথাও বলছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি জসিমউদদীন, জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, সোহেল আহমেদ, ইমরান আহমেদ, জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুম, ফয়সালসহ মালয়েশিয়াস্থা প্রবাসী সাংবাদিকরা।
আরটিভি/টিআর




