উপ-নির্বাচন: তিনটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২০ , ০৯:৪২ পিএম


উপ-নির্বাচন: তিনটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আসন্ন উপ-নির্বাচনে তিনটি শূন্য আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হয়। পরে তিনজনের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মনোনয়নপ্রাপ্ত হলেন- 

ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবি। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তার বয়স ৪৮ বছর। ধানমণ্ডি থানা বিএনপিরও সভাপতি তিনি। এই আসনে দলের মনোনয়ন শেখ রবিউল আলম ছাড়া অন্য কেউ আবেদন করেনি। 

বাগেরহাট-৪ আসনে কাজী খায়রুজ্জামান শিপন। তিনি জেলা বিএনপির সদস্য। তার আবেদনপত্রে বয়স লেখা হয়েছে ৪৬ বছর। ১৯৮৬ সালে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়।

গাইবান্ধা-৩ আসনে ডা. সৈয়দ মাইনুল হাসান সাদিক। তিনি গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি। বয়স ৬২ বছর। তিনি বিএনপির চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব) এর সদস্য।

মনোনীত প্রার্থীরা সাংবাদিকদের বলেন, তারা এক প্রতিকুল অবস্থার মধ্যে দলের সিদ্ধান্ত অনুযায়ী গণতন্ত্র ফিরিয়ে আনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে তারা এই নির্বাচন নিচ্ছেন।

ঢাকা-১০, বাগেরহাট-৪ এবং গাইবান্ধা-৩ আসনে উপ-নির্বাচনে মনোনয়নের জন্য ৮ জন প্রার্থী আবেদন করেছিলেন।
এরা হলেন- ঢাকা-১০ আসনে শেখ রবিউল ইসলাম রবি, বাগেরহাট-৪ আসনে কাজী মনিরুজ্জামান, মনিরুল হক, কাজী খায়রুজ্জামান শিপন, ফারহানা জামান নিপা এবং গাইবান্ধা-৩ আসনে সৈয়দ মাইনুল হাসান সাদিক, রফিকুল ইসলাম ও মিজানুর রহমান সরকার।

মনোনয়ন বোর্ডের বৈঠকে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

ঢাকা-১০ আসনে শেখ ফজলে নূর তাপস সংসদ পদ ছেড়ে দেয়া, বাগেরহাট-৪ আসনে মোজাম্মেল ও গাইবান্ধা-৩ আসনে ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করায় সংসদের আসনসমূহ শূন্য হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী তিন আসনে উপনির্বাচনে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র ২৩ ফেব্রুয়ারি, দাখিল বাছাই এবং ২৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আগামী ২৯ মার্চ ভোট গ্রহণ করা হবে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission