রোমানিয়ায় বাংলাদেশি : ছিল ১৩ হাজার, আছে তিন হাজার

ডয়চে ভেলে

শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩ , ০১:৫৭ পিএম


রোমানিয়ায়, বাংলাদেশি, ছিল, ১৩, হাজার, আছে, তিন, হাজার,
ছবি: সংগৃহীত

গত বছর প্রায় ১৩ হাজার বাংলাদেশি দীর্ঘমেয়াদি ভিসা নিয়ে রোমানিয়ায় আসেন৷ কিন্তু বর্তমানে বসবাসের অনুমতি নিয়ে সেখানে আছেন তিন হাজারের কিছু বেশি৷ দেশটির অভিবাসন কর্তৃপক্ষ ইনফোমাইগ্রেন্টসকে এ তথ্য জানিয়েছে৷

বাংলাদেশিদের সরাসরি কাজের ভিসা দেয় ইউরোপের এমন দেশগুলোর মধ্যে শীর্ষে আছে রোমানিয়া৷ করোনা মহামারির পর ২০২২ সালে বিপুল সংখ্যক বাংলাদেশি বৈধভাবে দক্ষিণ-পূর্ব ইউরোপের এই দেশটিতে পাড়ি জমান৷

১১ জানুয়ারি রোমানিয়া সরকারের জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) ইনফোমাইগ্রেন্টসকে জানায়, ২০২২ সালে বাংলাদেশিদের ১৪৫টি ‘শর্ট-স্টে’ বা সংক্ষিপ্ত মেয়াদের ভিসা প্রদান করা হয়েছে৷ এর মধ্যে ৯৬টি ছিল ভ্রমণ, চিকিৎসা, সাংস্কৃতিক কর্মকাণ্ড সংক্রান্ত৷ 

গবেষণা কাজের জন্য দেওয়া হয়েছে ১৮টি ভিসা৷ এ ছাড়া ১৭টি বিজনেস বা ব্যবসায়িক ভিসা, ক্রীড়া খাতে যুক্ত ব্যক্তিদের জন্য ১১টি ভিসা এবং তিনটি ট্রানজিট ভিসাও রয়েছে৷

কাজের ভিসায় ১২ হাজার ২৭১ জন

বাংলাদেশিরা ২০২২ সালে সবচেয়ে বেশি ভিসা পেয়েছেন ‘লং-স্টে’ বা দীর্ঘ মেয়াদের জন্য৷ ইউরোপের দেশগুলোতে শিক্ষা, চাকরি কিংবা অন্য যেকোনো কাজে আসা ব্যক্তিদের যদি ৯০ দিনের বেশি অবস্থান করতে হয় সেক্ষেত্রে এই ভিসা প্রদান করা হয়৷

জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশিদের সর্বমোট ১২ হাজার ৯৬০টি দীর্ঘমেয়াদি ভিসা প্রদান করা হয়েছে৷ যার সিংহভাগই পেয়েছেন ওয়ার্ক পারমিট বা কাজের ভিসায় আসা ব্যক্তিরা৷

আইজিআইর দেওয়া পরিসংখ্যানে বলা হয়, দীর্ঘমেয়াদি ভিসাপ্রাপ্তদের মধ্যে স্টুডেন্ট ভিসা বা উচ্চশিক্ষার জন্য ৫৩৮ জন, স্থানান্তর ভিসায় ১৪১ জন, পারিবারিক পুনর্মিলন ভিসায় আটজন এবং কূটনৈতিক ভিসা নিয়ে এসেছেন দুই জন বাংলাদেশি৷ বাকি ১২ হাজার ২৭১ জন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে রোমানিয়া প্রবেশ করেন।

অবস্থান করছেন ৩ হাজার ৯৬ জন

এত বিপুল সংখ্যক বাংলাদেশিরা দীর্ঘমেয়াদি ভিসা নিয়ে রোমানিয়ায় আসলেও তাদের মধ্যে ঠিক কতজন আসলে বছরের শেষ পর্যন্ত বৈধভাবে দেশটিতে অবস্থান করছিলেন, সেটি কর্তৃপক্ষের কাছে জানতে চায় ইনফোমাইগ্রেন্টস৷

উত্তরে জেনারেল ইন্সপেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) জানায়, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সর্বমোট ৩ হাজার ৯৬ জন বাংলাদেশি অভিবাসী রেসিডেন্স পারমিট বা বসবাসের বৈধ অনুমোদন নিয়ে রোমানিয়ায় অবস্থান করছিলেন৷ তাদের মধ্যে ২ হাজার ৯০৫ জন ওয়ার্ক পারমিটের আওতায় ১৪৪ জন উচ্চশিক্ষায়, ২০ জন পারিবারিক ভিসায় এবং রাজনৈতিক আশ্রয়ের আওতায় আছেন ১১ জন৷

অপরদিকে, বর্তমানে দেশটিতে ২০ জন বাংলাদেশি স্থায়ীভাবে অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে বসবাস করছেন বলে নিশ্চিত করেছে বুখারেস্ট কর্তৃপক্ষ৷  

অর্থাৎ, দীর্ঘমেয়াদি ভিসা নিয়ে আসা বাংলাদেশিদের মাত্র সিকিভাগ শেষ পর্যন্ত রোমানিয়ায় অবস্থান করছেন৷ বাকিরা অনিয়মিত উপায়ে ইউরোপের বিভিন্ন দেশে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে৷

২০২২ সালে অনিয়মিতভাবে রোমানিয়া থেকে শেঙেন জোনে প্রবেশ করতে গিয়ে বাংলাদেশিরা বারবার দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন৷ বেশ কয়েকজনকে আটকের পর সরাসরি ঢাকায় ‘ডিপোর্ট’ বা ফেরত পাঠানোর পাশাপাশি তাদের রোমানিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে৷

ভিসার অপব্যবহার, ক্ষোভ রোমানিয়ার

বাংলাদেশ রোমানিয়া কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছেন ভারত, নেপাল ও বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত রোমানিয়ার রাষ্ট্রদূত ড্যানিয়েলা সেজোনভ টেনে৷

সফরকালে বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিনের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, রোমানিয়ার ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যাওয়া ব্যক্তিরা দেশটিতে পৌঁছার পর ‘অদৃশ্য’ হয়ে যান৷

রাষ্ট্রদূতের মতে, রোমানিয়ায় পৌঁছানোর পরে রোমানিয়ার ভিসা নিয়ে ইইউতে প্রবেশের সুযোগ কাজ লাগিয়ে বেশির ভাগ ক্ষেত্রেই ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা অনিয়মিত উপায়ে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে চলে যান৷

এই প্রবণতা বন্ধের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কঠোর নিয়ম আরোপের আহ্বান জানিয়েছেন ড্যানিয়েলা সেজোনভ টেন৷

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission