প্রথমবার কিংস অ্যারেনায় গিয়ে যা বললেন পাপন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৮ মে ২০২৪ , ১১:৩৯ পিএম


বসুন্ধরা কিংস
ছবি-বাফুফে

বর্তমানে দেশের ফুটবলের সব থেকে সফল এবং শক্তিশালী ক্লাব বসুন্ধরা কিংস। ক্লাবটি যা করে দেখিয়েছে, তা আর কোনো ক্লাব করতে পারেনি।  ২০২২ সাল থেকে নিজস্ব ভেন্যুতে খেলছে তারা।

এ ছাড়াও বসুন্ধরা গ্রুপের অর্থায়নে প্রায় ৩৫০ বিঘা জমিতে গড়ে তোলা হচ্ছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। ঘরের মাঠে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পঞ্চম শিরোপা জয়ের উৎসবে মেতেছিল কিংসরা।

শনিবার (১৮ মে) চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ট্রফি প্রদান করতে প্রথমবার কিংস অ্যারেনায় পা রাখেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। পুরো স্টেডিয়াম ঘুরে দেখার সুযোগ হয়নি তার। তবে যতটুকু দেখেছেন, তাতেই মুগ্ধতা ছেয়ে গেছে তার মনে।  

পাপন মনে করেন, বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগ দেখে অন্যরাও এগিয়ে আসবে। তিনি বলেন, ‘স্টেডিয়ামটা পুরোপুরি দেখা হয়নি। তবে বাইরের থেকে যেটা বুঝছি স্টেডিয়ামটা খুবই সুন্দর। মাঠ তো ডেফিনেটলি ভালো। ভেতরের ফ্যাসিলিটিজগুলো আমি জানি না। তবে আমি নিশ্চিত তারা (বসুন্ধরা কিংস) যেহেতু বানিয়েছেন আন্তর্জাতিক মানেরই বানিয়েছেন।’

‘ক্লাবগুলোকেই নিজস্ব ফ্যাসিলিটিজ তৈরি করতে হবে। ফুটবল বলেন ক্রিকেট বলেন, ওদের (বাইরের দেশে) ওখানে গিয়ে দেখেন, ওদের কী ফ্যাসিলিটিজ আছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ক্লাবগুলো ওই জায়গায় আসেনি। বসুন্ধরা এরকম একটা নতুন শুরু করল। এটা দেখে আমি মনে করি অন্য যারা আছে উদ্বুদ্ধ হবে। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, তাদেরও এগিয়ে আসতে হবে।’

প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা পঞ্চমবার চ্যাম্পিয়ন হলো কিংস। দেশের ফুটবল ইতিহাসে ইতোমধ্যেই নিজের অন্যতম পরাশক্তি হিসেবে গড়ে তুলেছে তারা। বাকিরা কোনো প্রতিদ্বন্দিতাই উপহার দিতে পারছে না।

কিংসকে কৃতিত্ব দিয়ে পাপন বলেন, বসুন্ধরা কিংস একাই নয়, অন্যরাও চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়েছে। বসুন্ধরা ভালো খেলেছে, তাই চ্যাম্পিয়ন হয়েছে। তাই কৃতিত্বটা বসুন্ধরার। এই প্রতিযোগিতাটা যত বাড়বে তত খেলার মান বাড়বে।’


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission