দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচের ১৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তারকা ব্যাটার জো রুট। আর এতেই দেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ছেন তিনি। এক দিনের ক্রিকেটে ইংলিশদের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক এখন রুট।
রোববার (১ জুন) আগে ব্যাট করে ৩০৮ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করতে নেমে ৫২ বলে নিজের ৪৩তম অর্ধশতক পূরণ করেন রুট। সেই সঙ্গে নতুন কীর্তিও গড়ে ফেললেন তিনি।
২০১৯ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইউয়ন মরগানকে টপকে ইংলিশদের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক এই ডান হাতি ব্যাটার। ২২৫টি ওয়ানডে ম্যাচে ৬৯৫৭ রান করেছিলেন মরগান। ১৩টি সেঞ্চুরি এবং ৪২টি অর্ধশতরান ছিল তার।
কিন্তু মরগানকে পিছনে ফেলেছেন রুট। ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৬৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলার পর ১৭৯ ম্যাচে রুটের বর্তমান রান ৭০৮২। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ইয়ান বেল। তিনি ৫৪১৬ রান করেছেন।
২০১৩ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় রুটের। পরের বছর প্রথম সেঞ্চুরি করেন। তার পর ধারাবাহিক ভাবে রান করেছেন। অভিষেকের পর থেকে তিনটি বিশ্বকাপেই খেলেছেন।
তবে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ৪৭তম স্থানে রয়েছেন তিনি। সবার উপরে আছেন শচিন টেন্ডুলকার। তিনি ১৮৪২৬ রান করেছেন। অর্থাৎ রুটের থেকে ১১ হাজার রান বেশি করেছেন তিনি।
আরটিভি/এসআর
