বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি ঘোষণা, মুশফিকের সামনে নতুন মাইলফলক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ০৬:০২ পিএম


বাংলাদেশ-আয়ারল্যান্ড
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করেছে ক্রিকেট কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে এই সিরিজেই ইতিহাস গড়বেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। দ্বিতীয় টেস্ট ম্যাচে নাম লিখিয়ে তিনি হবেন দেশের প্রথম ক্রিকেটার, যিনি শততম টেস্টে অংশ নেবেন।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১১ নভেম্বর। এরপর ১৯ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। শুরুতে দ্বিতীয় টেস্টের পরিবর্তে ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিল আয়ারল্যান্ড। তবে শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে রাজি হয়েছে।

সাদা পোশাকে ইতোমধ্যেই বাংলাদেশের সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটার মুশফিক। এখন পর্যন্ত ৯৮ টেস্ট খেলে ৬ হাজার ৩২৮ রান করেছেন তিনি, গড় ৩৮.১২। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার অপরাজিত ২১৯ রানের ইনিংস এখনও দেশের সর্বোচ্চ ব্যক্তিগত রেকর্ড। লাল বলের ক্রিকেটে রয়েছে তার ১২টি সেঞ্চুরি, ২৭টি হাফসেঞ্চুরি এবং তিনটি ডাবল সেঞ্চুরি।

টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ ও আয়ারল্যান্ড মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ২৭ ও ২৯ নভেম্বর প্রথম দুটি ম্যাচ শেষে ২ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।

আয়ারল্যান্ডের আগে বাংলাদেশে সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ১৮ অক্টোবর শুরু হয়ে ১ নভেম্বর পর্যন্ত চলবে সিরিজটি, যেখানে দুটি দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

আরও পড়ুন

আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ডিসেম্বর-জানুয়ারিতে কোনো আন্তর্জাতিক খেলা নেই বাংলাদেশের। ওই সময়ে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এরপর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে বসবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission