ইসরায়েলি ক্রীড়াবিদদের ভিসা দেবে না ইন্দোনেশিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ , ০১:১৪ পিএম


ইসরায়েল
ছবি: সংগৃহীত

জাকার্তায় অনুষ্ঠিতব্য বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দেবে না ইন্দোনেশিয়া সরকার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

বিজ্ঞাপন

আগামী ১৯ অক্টোবর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হতে যাচ্ছে বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ। ৮৬টি দেশ এতে অংশ নিচ্ছে, যার মধ্যে ছিল ইসরায়েলও। তাদের দলে রয়েছেন ২০২০ টোকিও অলিম্পিকের স্বর্ণপদকজয়ী ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আরতেম দোলগোপিয়াত। তবে এখন তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

ইন্দোনেশিয়ার আইনমন্ত্রী ইউস্রিল ইহজা মাহেন্দ্র এক ভিডিও বিবৃতিতে বলেন, সরকার জাকার্তায় অনুষ্ঠিত বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দেবে না।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ সিদ্ধান্ত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নির্দেশে নেওয়া হয়েছে।

যদিও সম্প্রতি জাতিসংঘে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট প্রাবোও ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি সম্মান করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেছিলেন ‘শালোম’ শব্দ দিয়ে। তিনি বলেন, আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, ইসরায়েলের নিরাপত্তা ও সুরক্ষাও নিশ্চিত করতে হবে। তবেই প্রকৃত শান্তি অর্জন সম্ভব।

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ার জিমন্যাস্টিকস ফেডারেশন জানায়, তারা প্রথমে ছয়জন ইসরায়েলি অ্যাথলেটের জন্য ভিসা স্পন্সরের আবেদন করেছিল, তবে পরবর্তীতে আবেদনটি প্রত্যাহার করে নেয়।

ইসরায়েলি দলের অংশগ্রহণ ঘিরে সাম্প্রতিক দিনগুলোতে ইন্দোনেশিয়ার রাজনীতিবিদ, ইসলামী সংগঠন ও সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে তীব্র আপত্তি জানিয়ে আসছে। তাদের দাবি, গাজায় “গণহত্যা চালানো” একটি দেশের খেলোয়াড়দের ইন্দোনেশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইসরায়েলি জিমন্যাস্টিকস ফেডারেশন এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিশ্বজুড়ে গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলবিরোধী প্রতিক্রিয়া যে সংস্কৃতি ও ক্রীড়া অঙ্গনেও ছড়িয়ে পড়ছে, ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্ত তার সাম্প্রতিক উদাহরণ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission