ব্যর্থতার ঘূর্ণিপাকে ঘুরপাক খাওয়া ব্রাজিল জাতীয় দল এবার ভাগ্য বদলাতে ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে একজন বিদেশি কোচ নিয়োগ দিয়েছে তারা তিনি কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সাবেক এই ইতালিয়ান কোচের অধীনে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে সেলেসাওরা, যেখানে দুটি জয়, একটি ড্র ও একটি হার এসেছে।
তবে মাঠের পারফরম্যান্স ছাড়াও আলোচনায় এসেছে আনচেলত্তির বেতন। ইতালির সংবাদমাধ্যম লা গ্যাজেটা দেলো স্পোর্ট জানিয়েছে, জাতীয় দলের কোচদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন তিনিই। আনচেলত্তির বার্ষিক বেতন ৯.৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৩৪ কোটি ৪২ লাখ টাকা)। অন্যদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, আনচেলত্তির প্রকৃত বেতন ১০ মিলিয়ন ইউরো, সঙ্গে থাকছে পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন বোনাসও।
বিশ্ব ফুটবলে সাধারণত কোচদের পারিশ্রমিক গোপন রাখা হয়। তবে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাতীয় দলের কোচদের মধ্যে বেতনের তালিকায় আনচেলত্তিই সবার ওপরে।
ইতালিয়ান গণমাধ্যমের তথ্যমতে, দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল, যার বার্ষিক আয় ৫.৯ মিলিয়ন ইউরো (প্রায় ৮৩ কোটি টাকা)। তৃতীয় স্থানে জার্মানির তরুণ কোচ জুলিয়ান নাগেলসম্যান, তার বেতন ৪.৯ মিলিয়ন ইউরো।
অবাক করা বিষয়, চতুর্থ স্থানে রয়েছে উজবেকিস্তানের নাম। দেশটির ইতালিয়ান কোচ ফ্যাবিও ক্যানাভারো বছরে পাচ্ছেন ৪ মিলিয়ন ইউরো। ২০০৬ সালের বিশ্বকাপজয়ী ইতালিয়ান এই তারকা এখন এশিয়ার ফুটবলে বড় দায়িত্বে।
তালিকার নিচের দিকে আছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপজয়ের পরও তার বার্ষিক বেতন মাত্র ২.৩ মিলিয়ন ইউরো। বেতন ও বোনাস পরিশোধে বিলম্বের কারণে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) একসময় সমালোচনার মুখেও পড়ে।
সব মিলিয়ে স্পষ্ট জাতীয় দলের কোচদের বেতনের দিক থেকে অনেক দূর এগিয়ে কার্লো আনচেলত্তি। ব্রাজিলের ফুটবলে নতুন সাফল্যের অধ্যায় রচনায় তিনিই এখন ভরসার নাম।
জাতীয় দলের শীর্ষ কোচদের বেতন
কার্লো আনচেলত্তি (ব্রাজিল) – ৯.৫ মিলিয়ন ইউরো
থমাস টুখেল (ইংল্যান্ড) – ৫.৯ মিলিয়ন ইউরো
জুলিয়ান নাগালসম্যান (জার্মানি) – ৪ মিলিয়ন ইউরো
রবার্তো মার্টিনেজ (পর্তুগাল) – ৪ মিলিয়ন ইউরো
দিদিয়ের দেশম (ফ্রান্স) – ৩.৮ মিলিয়ন ইউরো
মার্সেলো বিয়েলসা (উরুগুয়ে) – ৩.৫ মিলিয়ন ইউরো
রোনাল্ড কোম্যান (নেদারল্যান্ডস) – ৩ মিলিয়ন ইউরো
গুস্তাভো আলফারো (প্যারাগুয়ে) – ২.৫ মিলিয়ন ইউরো
লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা) – ২.৩ মিলিয়ন ইউরো।
আরটিভি/এসকে
