ইনস্টাগ্রামে রোনালদোর আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ , ০৭:৫৪ পিএম


ক্রিস্টিয়ানো রোনালদো
ছবি: সংগৃহীত

সৌদি ক্লাব আল নাসরের হয়ে শতাধিক গোল করলেও শিরোপার দেখা মিলছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০২৩ সালের জানুয়ারিতে ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে অফিসিয়াল ১৩টি টুর্নামেন্টে খেললেও এখন পর্যন্ত একটিতেও চ্যাম্পিয়ন হতে পারেননি পর্তুগিজ মহাতারকা।

বিজ্ঞাপন

সর্বশেষ (২৮ অক্টোবর) সৌদি কিংস কাপের শেষ ষোলোয় আল ইত্তিহাদের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে আল নাসর। ম্যাচে প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হলেও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় রোনালদোর দল। আল ইত্তিহাদের হয়ে গোল করেন করিম বেনজেমা ও হুসেম আওয়ার; আল নাসরের পক্ষে একমাত্র গোলটি করেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।

এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও হাল ছাড়ছেন না রোনালদো। ম্যাচের পর ইনস্টাগ্রামে সতীর্থদের উদ্দেশে আবেগঘন বার্তায় তিনি লিখেছেন,
“আমরা মাথা উঁচু করে দাঁড়াই, শিখি, এবং একসাথে সামনে এগিয়ে যাই।”

বিজ্ঞাপন

রোনালদোর এই বার্তায় ফুটে উঠেছে পরাজয়ের পরও তার দৃঢ়তা ও দলগত ঐক্যের বার্তা।

৪০ বছর বয়সেও আগুনে ফর্মে আছেন এই পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে ছয় ম্যাচে ছয় গোল করেছেন তিনি। তবু শিরোপার স্বাদ না পাওয়া তার জন্য বড় হতাশার। সৌদি আরবে আসার পর একমাত্র আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছিলেন রোনালদো, তবে সেটি ছিল না ফিফা স্বীকৃত কোনো টুর্নামেন্ট।

বিজ্ঞাপন

সম্প্রতি পর্তুগাল ফুটবল গ্লোব অ্যাওয়ার্ডসে ‘প্রেস্টিজ অ্যাওয়ার্ড’ নিতে গিয়ে রোনালদো নিজের উচ্চাকাঙ্ক্ষার কথা বলেন, আমি আরও কয়েক বছর খেলতে চাই খুব বেশি নয়। আমি জানি, আর বেশি বছর নেই, তাই যা আছে তা উপভোগ করছি। আমি এখনো ভালো খেলছি, ক্লাব ও জাতীয় দলকে সাহায্য করছি, তাহলে কেন থামব?

আরও পড়ুন

মৌসুমের প্রথম প্রতিযোগিতা থেকে বাদ পড়লেও রোনালদো ও আল নাসরের সামনে এখনো দুটি বড় সুযোগ বাকি সৌদি প্রো লিগ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২। ফুটবলবিশ্বের নজর এখন এই কিংবদন্তির পরবর্তী চ্যালেঞ্জের দিকেই।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission