গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিশ্বজুড়ে অসংখ্য সংঘাত সমাধানে ভূমিকা রাখার জন্য নিজেকে শান্তিতে নোবেল পুরস্কারের যোগ্য বলে দাবি করেছেন তিনি। তবে গত মাসে ট্রাম্পকে হতাশ করে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাসাদোকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে কর্তৃপক্ষ।
সম্প্রতি শান্তি পুরস্কার নিয়ে আবারও আলোচনায় এসেছেন ট্রাম্প। কারণ, প্রথমবারের মতো শান্তি পুরস্কার নামে নতুন একটি বার্ষিক পুরস্কার চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।
গুঞ্জন রয়েছে, এই পুরস্কারের জন্য ট্রাম্পকে বেছে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। কারণ, সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে ট্রাম্পের।
বুধবার (৫ নভেম্বর) মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরাম অনুষ্ঠানে এই পুরস্কারের ঘোষণা দেন ফিফা সভাপতি। যেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসিদের মতো পরিচিত মুখরা।
বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ফুটবল মানে শান্তি। সমগ্র বিশ্ব ফুটবল সম্প্রদায়ের পক্ষ থেকে ফিফা শান্তি পুরস্কার-ফুটবল ইউনাইটস দ্য ওয়ার্ল্ড সেই ব্যক্তিদের বিশাল প্রচেষ্টাকে স্বীকৃতি দেবে, যারা মানুষকে ঐক্যবদ্ধ করে ভবিষ্যত প্রজন্মের জন্য আশা জাগায়।
আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কেনেডি সেন্টারে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। সে অনুষ্ঠানে প্রথমবার শান্তি পুরস্কার দেবে ফিফা। বিশ্বকাপ ড্রয়ের দিনে কেনেডি ওভালে ট্রাম্পের উপস্থিত থাকার সম্ভাবনা অনেক বেশি।
এর আগে গত আগস্টে ওভাল অফিস থেকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সঙ্গে নিয়ে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র’র তারিখ ঘোষণা করেন ট্রাম্প। ফিফা সভাপতির সঙ্গে দারুণ সখ্যতা তার।
আরটিভি/এসআর




