কাতারে চলমান এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ ‘এ’ দল। দোহারের ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১৫ নভেম্বর) হংকং চায়নাকে ৮ উইকেট ও ৫৪ বল হাতে রেখে বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। ম্যাচে দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে আলো কাড়লেও, আকবর আলি খেলেছেন টি-টোয়েন্টি ইতিহাসে নতুন মাইলফলক গড়া বিধ্বংসী ইনিংস।
হংকংয়ের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৫ বলে ৮ চার ও ১০ ছক্কায় সেঞ্চুরি করে অপরাজিত থাকেন হাবিবুর রহমান সোহান। তার ব্যাটেই ১১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
বাংলাদেশ ইনিংসের ১১তম ওভারে ঘটে রেকর্ডের জন্ম। কিঞ্চিৎ শাহর করা ওভারের প্রথম বলে সোহান ১ রান নেওয়ার পর স্ট্রাইকে আসেন আকবর আলি। এরপর টানা ৫ বলেই ৫টি ছক্কা হাঁকান তিনি। এক ওভার থেকে আসে ৩১ রান, যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান।
এর আগে, বাংলাদেশের এক ওভারে সর্বোচ্চ ছিল ৩০ রান। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটন দাস ও সৌম্য সরকারের ব্যাটে আসে সেই রান। এরপর ২০২৪ সালে বিপিএলে নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ৩০ রান।
মাত্র ১৩ বলে ৪১ রানে অপরাজিত থেকেছেন আকবর আলি। তার ক্যামিও ইনিংসই ম্যাচের মোড় ঘুরিয়ে বাংলাদেশকে বিশাল জয় এনে দেয়।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান তুলেছিল হংকং। বাবর হায়াত ৪৯ বল খেলে করেন ৬৩ রান। এছাড়া ইয়াসিম মোর্তুজা ২২ বলে ৪০ রান করেন।
এবারের এশিয়া কাপ রাইজিং স্টারে বাংলাদেশ ‘এ’ দলের গ্রুপে রয়েছে: হংকং,আফগানিস্তান, শ্রীলঙ্কা।
১৭ নভেম্বর আফগানিস্তান এবং ১৯ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুই ম্যাচই শুরু হবে রাত ৮:৩০ মিনিটে।
আরটিভি/এসকে




