দীর্ঘ প্রায় দুই বছর পর নিজেদের ঐতিহ্যবাহী ঘরের মাঠ কাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা। শনিবার (২২ নভেম্বর) রাতে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে আতিথ্য দিতে প্রস্তুত কাতালানরা। সংস্কার কাজের কারণে ২০২৩ সালের জুন থেকে দলটিকে অস্থায়ীভাবে অলিম্পিক স্টেডিয়ামে খেলতে হয়েছিল।
ঘরের মাঠে ফেরা যেমন দলে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে, তেমনি কোচ হান্সি ফ্লিকের শিবিরে এসেছে জোড়া সুখবর। চোট কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন দুই তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও রাফিনিয়া।
কুঁচকির ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮ বছর বয়সী ইয়ামাল। টানা দুই সপ্তাহের কঠোর পরিশ্রমে নিজেকে ম্যাচ ফিট করেছেন তিনি। অন্যদিকে, দীর্ঘদিন হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগা রাফিনিয়াও ফিরতে পারেন দলে।
তবে অনিশ্চয়তার নাম মার্কাস রাশফোর্ড। জ্বরে আক্রান্ত হওয়ায় ইংলিশ তারকাকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বার্সেলোনা, এমনটাই জানিয়েছেন কোচ ফ্লিক।
কাম্প ন্যুতে ফেরার অনুভূতি প্রসঙ্গে ফ্লিক বলেন, কাম্প ন্যুতে পা রাখা ছিল অবিশ্বাস্য মুহূর্ত। এটা আমাদের বিশাল শক্তি দেবে। আমাদের দর্শকেরা জানে কখন দলকে বাড়তি উদ্দীপনা দিতে হবে।
লা লিগার পয়েন্ট তালিকায় বর্তমানে রিয়াল মাদ্রিদের তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। ১২ ম্যাচে কাতালানদের সংগ্রহ ২৮ পয়েন্ট ৯ জয়, ১ ড্র ও ২ হার। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভিয়ারিয়াল, আর ২৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আটলেটিকো মাদ্রিদ।
ঘরের মাঠে ফেরা এবং ইনজুরি কাটিয়ে তারকাদের প্রত্যাবর্তন সব মিলিয়ে বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি বার্সেলোনার জন্য হতে যাচ্ছে এক নতুন শুরু।
আরটিভি/এসকে




