টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের দিনক্ষণ চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ , ০৯:২০ পিএম


টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের দিনক্ষণ চূড়ান্ত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) তত্ত্বাবধানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ’। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের ২০২৫–২৬ মৌসুমে অংশ না নেওয়া আটটি ক্লাবের খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ করে দিতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে শনিবার (২৪ জানুয়ারি)। এদিন দুপুর দেড়টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ট্রফি উন্মোচন করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়ক ও বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আগামী ২৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে সিঙ্গেল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে মোট ২৯টি ম্যাচ। টুর্নামেন্টে অংশ নিচ্ছে আটটি দল দুরন্ত, দুর্বার, অদম্য, অদ্বিতীয়, অকুতোভয়, অনির্বাণ, অপরাজেয় ও অগ্রণী। লিগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে মুখোমুখি হবে। এবারের আসরে কোনো সেমিফাইনাল রাখা হয়নি।

বিজ্ঞাপন

খেলোয়াড়দের আবাসন, খাবার, যাতায়াত এবং ম্যাচ পরিচালনাসহ সব ধরনের ব্যয় বহন করবে বিসিবি। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পিকেএসপি গ্রাউন্ড-১ ও ২, পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড ও ক্রিকেটার্স একাডেমি গ্রাউন্ড (৩০০ ফিট) এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে।

২০২৪–২৫ মৌসুমের পারফরম্যান্স এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোর খেলোয়াড় তালিকার ভিত্তিতে সিসিডিএম নির্বাচক প্যানেল খেলোয়াড়দের এ+, এ, বি ও সি—এই চারটি গ্রেডে ভাগ করেছে। প্রতিটি দলে থাকবেন ১৫ জন খেলোয়াড়, একজন স্ট্যান্ডবাই এবং কোচিং স্টাফসহ মোট ২০ জন সদস্য।

বিজ্ঞাপন

আরও পড়ুন

টুর্নামেন্ট আয়োজন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দিপন রয়েছেন ভাইস-চেয়ারম্যানের দায়িত্বে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিসিবির পরিচালক ফাইয়াজুর রহমান, ইশতিয়াক সাদেক, আহসান ইকবাল চৌধুরী ও আমজাদ হোসেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission