এবার ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়েও চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:০৬ পিএম


এবার ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়েও চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোর কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। ফলে সামনে এখন সবচেয়ে বড় লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য এই আসরে ১৪ দলের মধ্যে সরাসরি খেলতে হলে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের মধ্যে থাকতে হবে। দীর্ঘদিন সপ্তম স্থানে থাকলেও বর্তমানে বাংলাদেশ নেমে গেছে দশম স্থানে। এতে করে সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

স্বাগতিক হিসেবে ইতোমধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকা বর্তমানে র‌্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে এবং জিম্বাবুয়ে রয়েছে একাদশ স্থানে। 

যদি তাদের অবস্থানের বড় পরিবর্তন না ঘটে, তবে নবম বা দশম স্থানে থাকা একটি দল সরাসরি খেলার সুযোগ পেতে পারে। তবে বাংলাদেশ বর্তমানে ৭৪ রেটিং নিয়ে দশম স্থানে থাকায় বাছাইপর্ব এড়াতে হলে অন্তত নবম স্থানে উঠতেই হবে টাইগারদের।

বর্তমানে ৭৭ রেটিং নিয়ে নবম স্থানে আছে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ফলে র‌্যাঙ্কিংয়ে প্রতিটি পয়েন্টই এখন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

র‌্যাঙ্কিং উন্নত করতে সামনে কঠিন সিরিজ অপেক্ষা করছে বাংলাদেশের। প্রথম অ্যাসাইনমেন্ট ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ (১২, ১৪ ও ১৬ মার্চ)।

এরপর শক্ত প্রতিপক্ষ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে তিন ম্যাচের করে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা।

শুধু হোম সিরিজ নয়, সফরকারী দল হিসেবেও গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আয়ারল্যান্ড বিপক্ষে তিনটি এবং জিম্বাবুয়ের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। যেহেতু এই ম্যাচগুলো আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ, তাই প্রতিটি ম্যাচের ফলাফল সরাসরি প্রভাব ফেলবে র‌্যাঙ্কিংয়ে।

আরও পড়ুন

বর্তমান অবস্থান বিবেচনায় বাংলাদেশের সামনে পথ সহজ নয়। বাছাইপর্ব এড়াতে হলে বড় দলগুলোর বিপক্ষে জয় যেমন জরুরি, তেমনি অপেক্ষাকৃত নিচের সারির দলের বিপক্ষে হোঁচট খাওয়ার সুযোগ নেই।

২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে হলে এখন থেকেই ধারাবাহিক পারফরম্যান্সের বিকল্প নেই। প্রতিটি সিরিজ, প্রতিটি ম্যাচ টাইগারদের জন্য যেন একেকটি ‘ফাইনাল’।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission