বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে একসঙ্গে চার নতুন ক্রিকেটারকে অভিষেক করাতে যাচ্ছে পাকিস্তান। বুধবার (১১ মার্চ) মিরপুরে অনুষ্ঠিতব্য ম্যাচে তরুণদের সুযোগ দিয়ে নতুন করে দল সাজানোর পথে হাঁটছে সফরকারীরা।
ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এর নেতৃত্বে যে একাদশ মাঠে নামবে, সেখানে চার ক্রিকেটার ওয়ানডে অভিষেকের ক্যাপ পেতে যাচ্ছেন। তারা হলেন সাহিবজাদা ফারহান, শামিল হুসেন, আব্দুল সামাদ এবং মাজ সাদাকাত। এদের মধ্যে ফারহান ও আব্দুল সামাদ এর আগে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন। এবার প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ওয়ানডেতে পাকিস্তানের জার্সি পরবেন।
এই চারজনের মধ্যে ফারহান ও আবদুল সামাদ আগে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন। তবে এবারই প্রথম প্রতিযোগিতামূলক ওয়ানডেতে পাকিস্তানের জার্সি গায়ে তুলতে যাচ্ছেন তারা।
২০০৮ সালের পর এই প্রথমবার পাকিস্তানের ওয়ানডে দলে একসঙ্গে চারজন ক্রিকেটারের অভিষেক হতে যাচ্ছে। আর ১৯৮০ সালের পর এটি মাত্র দ্বিতীয় ঘটনা।
পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন আগেই জানিয়েছেন, পাকিস্তান শাহিনস দলে ভালো করা তরুণদের আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ দেওয়ার সময় এসেছে। সোমবার তিনি বলেন, নতুন মুখদের নিয়ে দলটি বেশ আকর্ষণীয় এবং তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করেই সুযোগ পেয়েছে। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই হবে দলের বড় চ্যালেঞ্জ।
দলে বড় পরিবর্তনের কারণে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে এই সিরিজে রাখা হয়নি। বাদ পড়াদের মধ্যে আছেন সাবেক অধিনায়ক বাবর আজম। এছাড়া স্কোয়াডে জায়গা হয়নি সিম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ এবং নাসিম শাহ জায়গা হারিয়েছেন। সাম্প্রতিক টি–টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পরই এমন পরিবর্তনের পথে হাঁটে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
৩০ বছর বয়সী ওপেনার সাহিবজাদা ফারহান দীর্ঘদিন লিস্ট-এ ক্রিকেট না খেললেও টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফরম্যান্স করে আবার আলোচনায় আসেন। গত ছয় মাসে তিনি পাকিস্তানের অন্যতম সফল টি-টোয়েন্টি ওপেনার ছিলেন এবং সর্বশেষ বিশ্বকাপে ৩৮৩ রান করে নজর কাড়েন।
২১ বছর বয়সী ওপেনার শামিল হুসেনকে পাকিস্তানের ভবিষ্যৎ তারকা হিসেবে ধরা হচ্ছে। কায়েদ-ই-আজম ট্রফিতে ইসলামাবাদ দলের হয়ে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। লিস্ট-এ ক্রিকেটেও ১৩ ম্যাচে তার গড় ৪৬-এর বেশি।
মিডল অর্ডারের ব্যাটার আবদুল সামাদ টি-টোয়েন্টিতে তার বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত। তবে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট মনে করছে, ৫০ ওভারের ক্রিকেটেও তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
চারজনের মধ্যে সবচেয়ে তরুণ মাজ সাদাকাত। ২০ বছর বয়সী এই অলরাউন্ডার ব্যাটিংয়ের পাশাপাশি বাঁহাতি ধীরগতির অর্থোডক্স স্পিনও করেন। ঢাকার ধীর পিচে তার এই বোলিং পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে ১১, ১৩ ও ১৫ মার্চ। পাকিস্তানের জন্য এটি পাকিস্তান সুপার লিগ শুরুর আগে শেষ আন্তর্জাতিক সিরজ। পাকিস্তান সুপার লিগ নতুন মৌসুম শুরু হবে ২৬ মার্চ।
আরটিভি/এসকে




