অঘোষিত ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৫ মার্চ ২০২৬ , ১২:২০ পিএম


অঘোষিত ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান
বাংলাদেশ-পাকিস্তান । ছবি: সংগৃহীত

প্রথম দুই ম্যাচ শেষে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। তাই তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। 

বিজ্ঞাপন

রোববার (১৫ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন পেসার নাহিদ রানা। ৭ ওভার বল করে ২৪ রানে ৫ উইকেট নেন তিনি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

প্রথম ম্যাচে শোচনীয় হারের পর দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৭৪ রান করে সফরকারীরা। পাকিস্তানের লড়াকু সংগ্রহের ভিত গড়ে দেন ওপেনার মাজ সাদাকাত। ৪৬ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

২৭৫ রানের লক্ষ্য স্পর্শ করতে নেমে ৬ দশমিক ৩ ওভারে ২৭ রান তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর বৃষ্টির কারণে দুই ঘণ্টা খেলা বন্ধ থাকায় বৃষ্টি আইনে ৩২ ওভারে ২৪৩ রানের নতুন টার্গেট পায় টাইগাররা। 

বিজ্ঞাপন

নতুন লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে ব্যাটারদের ব্যর্থতায় ২৩ দশমিক ৩ ওভারে ১১৪ রানে অলআউট হয় বাংলাদেশ।  বৃষ্টি আইনে ১২৮ রানে ম্যাচ হারে মিরাজ-লিটনরা।

তৃতীয় ম্যাচেও বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার বৃত্তে বন্দি থাকলে সিরিজ হারের লজ্জা পেতে হবে টাইগারদের। দ্বিতীয় ম্যাচের ভুল শুধরে তৃতীয় ওয়ানডেতে ভালো পারফরমেন্স করতে চান বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। 

মিরাজ বলেন, ‘আমরা প্রথম ১০ ওভারে ভালো করতে পারিনি। যা আমরা প্রথম ম্যাচে করেছিলাম। ব্যাট করার জন্য এটি খুব ভালো উইকেট ছিল। কিন্তু আমাদের টপ-অর্ডার ব্যাটাররা খুব বেশি রান পায়নি।’

সিরিজ জিততে হলে ব্যাট-বল হাতে আরও উন্নতি প্রয়োজন বলে মনে করেন মিরাজ, ব্যাটিং-বোলিংয়ে আমাদের উন্নতি করতে হবে এবং আরও দায়িত্ব নিতে হবে। আমি আশা করি, খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেবে।

সিরিজ নির্ধারণী ম্যাচে দ্বিতীয় ওয়ানডের দল নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ ও পাকিস্তান। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission