প্রায় দুই বছর ধরে দেশের বাইরে রয়েছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বেশ কয়েকবার চেষ্টা করলেও এখন আইনি জটিলতাই তার দেশে ফেরার পথে প্রধান বাধা।
সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান তিনি।
সাকিব বলেন, আমি আশাবাদী। সবসময়ই একজন আশাবাদী মানুষ ছিলাম। আইনি প্রক্রিয়াগুলোর কাজ শুরু হয়েছে। এখন যত দ্রুত সম্ভব যদি আমি সমাধান করতে পারি… যত দ্রুত সমাধান হবে, আমি তত দ্রুতই ফিরতে পারব।
বিসিবির সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি যতটুকু জানি বিসিবির মাধ্যমেই যোগাযোগ হচ্ছে… আমার সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়নি। নিজের উদ্যোগে সব কিছু করার চেষ্টা করছি।
আইনি প্রক্রিয়া নিয়ে আরও সমন্বয়ের প্রয়োজন ছিল বলেও মনে করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার ভাষ্য, আইনি প্রক্রিয়াগুলো বিসিবির মাধ্যমে হলে জিনিসটা আরও তাড়াতাড়ি সমাধান হতে পারত।
দেশে ফিরতে না পারার আক্ষেপ নিয়ে তিনি বলেন, যে কোনো মানুষই যখন তার দেশে যেতে পারে না, তখন সে অবশ্যই দেশকে মিস করবে… আমিও দেশটাকে ভীষণভাবে মিস করছি।
সব মিলিয়ে, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বা অবসর নয়, আপাতত একটাই লক্ষ্য সাকিবের সামনে। আইনি জটিলতা কাটিয়ে যত দ্রুত সম্ভব নিজ দেশে ফেরা।
আরটিভি/এসআর




