কানাডার ভ্যাঙ্কুভারে ফিফার ৭৬তম কংগ্রেস উপলক্ষে আয়োজিত বৈঠকে অংশ নিতে গিয়ে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখে পড়েন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। শেষ পর্যন্ত সম্মেলনে যোগ না দিয়েই দেশে ফিরে যায় ইরানের প্রতিনিধি দল।
বার্তা সংস্থা রয়টার্স খবরে জানানো হয়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কানাডায় পৌঁছানোর পর টরন্টো বিমানবন্দরে প্রায় তিন ঘণ্টা ধরে মেহেদি তাজসহ ইরানি প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদ করে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে কেবল তাজকে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত কংগ্রেসে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হলেও দলগতভাবে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
প্রতিবেদনে বলা হয়, তাজের সঙ্গে ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড কর্পসের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তোলে কানাডা। সংস্থাটির সদস্যদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানানো হয়।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমকে তাজ বলেন, তাদের সবার বৈধ ভিসা ছিল এবং যাত্রাপথে তুরস্কেও পরীক্ষা করা হয়। তারা জানতে চায় আমরা আইআরজিসির সদস্য কি না। আমরা বলেছি, ইরানে ৯ কোটি আইআরজিসি সদস্য রয়েছে। এরপর তারা জানায়, এই সংগঠনের সদস্যদের প্রবেশের অনুমতি নেই এটাই তাদের আইন, বলেন তিনি।
তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর কেবল তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও বাকি প্রতিনিধিদের না দেওয়ায় তারা সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান তাজ। তারা আমাদের বের করে দেয়নি, আমরাই ফিরে এসেছি, যোগ করেন তিনি।
তুরস্কে পৌঁছানোর পর ইনফান্তিনো ইরানি প্রতিনিধিদলকে কানাডায় নেওয়ার জন্য বিশেষ বিমানের প্রস্তাব দেন। তবে সেটিও প্রত্যাখ্যান করেন তাজ।
তিনি আরও অভিযোগ করেন, ফিফা যুক্তরাষ্ট্রের চাপে চলে, এবং বিশ্বকাপ সামনে রেখে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে ফিফা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
আরটিভি/এসকে



