হঠাৎ ক্রিকেটের যেসব নিয়ম বদলে দিল আইসিসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০১ জুন ২০২৬ , ১১:২৮ পিএম


হঠাৎ ক্রিকেটের যেসব নিয়ম বদলে দিল আইসিসি
ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে দীর্ঘদিনের বড় সমস্যা- আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়া এবং ওভার নষ্ট হওয়া। এই সংকটের সমাধান খুঁজতে এবার ঐতিহাসিক এক নিয়মের অনুমোদন দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় প্রধান নির্বাহীদের কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে টেস্ট ম্যাচ চলাকালীন দিনের আলোতেও যদি আলোকস্বল্পতা দেখা দেয়, তবে দুই দলের সম্মতি সাপেক্ষে গোলাপি বল ব্যবহার করে খেলা চালিয়ে যাওয়া যাবে।

টেস্ট ক্রিকেটে আলোকস্বল্পতার কারণে যেন মূল্যবান সময় নষ্ট না হয়, সেজন্য গভীর গবেষণার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ফ্লাডলাইট, আলো পরিমাপের উন্নত ব্যবস্থা, সেন্সর এবং অন্যান্য আধুনিক আলোকসজ্জা প্রযুক্তি নিয়ে আইসিসি এবং মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) যৌথভাবে অর্থায়ন করবে।

আইসিসি তাদের ক্রিকেটীয় নিয়মে আরও একটি বড় পরিবর্তন এনেছে। এখন থেকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নির্ধারিত ড্রিংকস বিরতির সময় প্রধান কোচ কিংবা দলের মনোনীত স্টাফরা মাঠের ভেতরে প্রবেশ করতে পারবেন এবং খেলোয়াড়দের কৌশলগত পরামর্শ দিতে পারবেন। এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে কেবল দ্বাদশ ব্যক্তি পানি নিয়ে মাঠে যাওয়ার সময় চিরকুট বা বার্তা বয়ে নিয়ে যেতে পারতেন। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের স্ট্র্যাটেজিক টাইম-আউটের আদলেই আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ম চালু করা হচ্ছে।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দুই ইনিংসের মধ্যবর্তী বিরতির সময় নির্ধারণ করা হয়েছে ১৫ মিনিট। এ ছাড়া এমসিসির নেওয়া সর্বশেষ সিদ্ধান্তগুলো, যেমন দিনের শেষ ওভারে কেউ আউট হলে খেলা সেখানেই না থামিয়ে ওই ওভার শেষ করা, বানি হপ ক্যাচ এসব কার্যকর করা হবে।

এছাড়া, ব্যাটাররা যখন ক্রিজে পজিশন পরিবর্তন করেন বা নড়াচড়া করেন, তখন আম্পায়ারদের নিখুঁতভাবে ওয়াইড ডাকার সুবিধার্থে গাইড লাইনের ব্যবহারকে স্থায়ী রূপ দিয়েছে আইসিসি। বিশেষ করে লেগ সাইডে বোলারদের কিছুটা ছাড় দিতে ২০২৫ সাল থেকে এই ট্রায়াল শুরু হয়েছিল।

নারী ক্রিকেট নিয়েও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে আইসিসির সর্বশেষ বোর্ড সভায়। ২০২৭ সালের নারী চ্যাম্পিয়নস ট্রফি জুন-জুলাই থেকে এগিয়ে এখন ওই বছরেরই ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

২০২৮ সালের নারী বিশ্বকাপের দল ১০টি থেকে বাড়িয়ে ১২টি করা হচ্ছে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল ও স্বাগতিক দেশ সরাসরি বিশ্বকাপ খেলবে। স্বাগতিক দেশ আগেই কোয়ালিফাই করে ফেললে র‌্যাঙ্কিংয়ের পরের শীর্ষ দলগুলো বিশ্বকাপে জায়গা পাবে। বাকি দুটি দল আসবে ১০ দলের বাছাইপর্ব খেলে।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নির্বাচন ইস্যুতে প্রতিনিধি পাঠানোর কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আইসিসি। এই প্রতিনিধিরা হলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মোসাজে ও জিম্বাবুয়ের তেবাঙ্গা মুকুলআনি। 

তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে কথা বলবেন। এ ছাড়া শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাবেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও দেবজিৎ সাইকিয়া।

আরও পড়ুন

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্রমবর্ধমান বিস্তার ও আধিপত্য নিয়ে আইসিসি বোর্ড সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বর্তমান ক্রিকেট কাঠামোর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির (এফটিপি) সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে কীভাবে আরও সুশৃঙ্খলভাবে সমন্বয় করা যায়, তা মূল্যায়নের জন্য আহমেদাবাদের সভায় একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, আগামী আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের বৈশ্বিক বাছাইপর্বের রূপরেখাও এই সভায় চূড়ান্ত করা হয়।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission