পাকিস্তানের কাছে সিরিজ হারল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০২:৪০ এএম


পাকিস্তানের কাছে সিরিজ হারল অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও সিরিজনির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। 

বৃহস্পতিবার (৪ জুন) লাহোরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারিয়ে বসে সফরকারীরা। এরপর জস ইংলিস ও মার্নাস লাবুশেনের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় অজিরা।

দলীয় ৪৬ রানে দ্বিতীয় উইকেট হারালে চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে সেই চাপ সামলে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। দলীয় ৯৮ রানে অ্যালেক্স ক্যারি এবং ১১৯ রানে জস ইংলিস আউট হলে হঠাৎই ব্যাটিং ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে। 

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত মাত্র ১৫৭ রানে অলআউট হয় তারা। শেষ ৩৮ রান তুলতেই হারায় ৭ উইকেট।

১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় পাকিস্তান। মাত্র ২.৫ ওভারে স্কোরবোর্ডে যোগ করে ২৭ রান। তবে তৃতীয় ওভারের শেষ বলে ওপেনার শাহেবজাদা ফারহানের উইকেট হারায় স্বাগতিকরা।
এরপর দলীয় ৪১ রানে আরেক ওপেনার মাআজ সাদাকাতও সাজঘরে ফিরলে চাপে পড়ে পাকিস্তান।

আরও পড়ুন

এমন পরিস্থিতিতে দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। একপ্রান্ত আগলে রেখে নিয়মিত বিরতিতে উইকেট পতনের মাঝেও দলকে জয়ের পথে রাখেন বাবর। দলীয় ১১২ রানে ব্যক্তিগত ৪০ রান করে তিনি আউট হলে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ৪৬ রান, হাতে ছিল ৫ উইকেট।

তবে বাবরের বিদায়ের পরের ওভারেই কোনো রান যোগ না হতেই আরও একটি উইকেট হারায় পাকিস্তান। ১১২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। পরপর দুই উইকেটের পতনে ম্যাচে ফিরে আসার আশা জাগে অস্ট্রেলিয়ার। কিন্তু শেষ পর্যন্ত ভুল করেনি পাকিস্তান। অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খান ও আব্দুল সামাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪৯ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান।

এদিকে আগামী ৯ জুন থেকে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার তিন ম্যাচ ওডিআই সিরিজ।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission