ফিলিস্তিন ফুটবলপ্রধানকে ভিসা দেয়নি কানাডা-যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬ , ১১:৫২ এএম


ফিলিস্তিন ফুটবলপ্রধানকে ভিসা দেয়নি কানাডা-যুক্তরাষ্ট্র
জিবরিল রাজৌব। ছবি: সংগৃহীত

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজৌবকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। বিশ্বকাপ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে আবেদন করলেও তিনি এই দুই দেশের ভিসা পাননি বলে জানিয়েছেন।

শুক্রবার (১৩ জুন) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজৌব বলেন, তিন আয়োজক দেশের মধ্যে কেবল মেক্সিকো তাকে ভিসা দিয়েছে। তিনি ইতোমধ্যে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

মেক্সিকো থেকে টেলিফোনে এএফপিকে রাজৌব বলেন, আম্মানে (জর্ডান) আবেদন করার পরও তারা আমাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়নি। তাদের এই আচরণ হাস্যকর। আমি এখন মেক্সিকোতে আছি, এখানে তিউনিসিয়ার ম্যাচ দেখব এবং এরপর ফিলিস্তিনে ফিরে যাব।

তিনি আরও জানান, কানাডাও তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি করে রাজৌব বলেন, কিছু নির্দিষ্ট মহল চায় না আমরা ইসরায়েলের বৈষম্যমূলক নীতির সমালোচনা করি।

বিশ্লেষকদের মতে, ভিসা প্রত্যাখ্যানের পেছনে সাম্প্রতিক কিছু ঘটনাও প্রভাব ফেলতে পারে। গত এপ্রিল মাসে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নেওয়ার সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অনুরোধে ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার সঙ্গে যৌথ ছবি তুলতে অস্বীকৃতি জানিয়েছিলেন রাজৌব। বিষয়টি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন অভিযোগ করে আসছে যে, অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত অবৈধ ইসরায়েলি বসতিগুলোর ক্লাবগুলো ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিযোগিতায় অংশ নিতে পারে না। এ বিষয়ে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ফিফার কাছে আবেদন করলেও এখন পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। পরে বিষয়টি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) নিয়ে যায় ফিলিস্তিন ফুটবল কর্তৃপক্ষ।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে বিশ্বকাপ সংশ্লিষ্ট বিভিন্ন দেশের কর্মকর্তা, রেফারি ও সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এর আগে বৈধ ভিসা থাকা সত্ত্বেও সোমালিয়ার রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এছাড়া ইরান দলের কয়েকজন সহায়ক কর্মকর্তা এবং সেনেগাল ও আইভরি কোস্টের কিছু সমর্থকের ভিসা আবেদনও প্রত্যাখ্যাত হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরে অংশগ্রহণকারীদের প্রতি আয়োজক দেশগুলোর ভিসা নীতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে, খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার যে নীতি ফিফা অনুসরণ করার কথা বলে, এ ধরনের ঘটনা সেই নিরপেক্ষতার দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission