চলতি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষ হিসেবে কেপ ভার্দেকে পেয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না জিতলেও অপরাজিত ছিল আফ্রিকার দেশটি। তাই কেপ ভার্দেকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
রোববার (২৮ জুন) জর্ডানকে হারিয়ে এ কথা বলেন তিনি।
স্কালোনি বলেন, ওরা ভালো দল। তিনটি প্রতিপক্ষের জন্যই ওরা কঠিন হয়েছিল। ওরা শক্ত প্রতিদ্বন্দ্বী। ওরা আমাদের জন্যও কঠিন হবে। কারণ ওরা স্পেনের জন্যও কঠিন হয়েছিল, যারা অন্যতম ফেভারিট। উরুগুয়ে এবং সৌদি আরবের জন্যও হয়েছিল। এই বিশ্বকাপে আমরা যা দেখছি তাতে আমাদের সতর্ক থাকতে হবে। ওরা গতিসম্পন্ন, মানসম্পন্ন এবং ভালো দল।
ম্যাচের সময় নিয়েও স্কালোনি বিরক্তি লুকাননি। আর্জেন্টিনার সময়ে শুক্রবার সন্ধ্যা ৭টায় খেলা হবে। তিনি বলেছেন,‘আমরা খুব গরমের মধ্যে খেলব। এই সময়টা বোঝা কঠিন। তবে সবাই এভাবে খেলেছে, তাই অভিযোগ করা যায় না।
জর্ডানের বিরুদ্ধে ম্যাচে স্কালোনি বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন। মাঝমাঠের খেলোয়াড় এক্সেকিয়েল পালাসিওসকে রাইট ব্যাক হিসেবে মাঠে নামানো নিয়ে কোচ বলেছেন, ‘এই পজিশনে আমাদের বিকল্প দরকার। নাহুয়েল মলিনা দীর্ঘ বিশ্রামের পর ফিরেছেন, তাই তাকে ঝুঁকিতে ফেলতে চাইনি। গঞ্জালো মন্তিয়েলকেও ঝুঁকিতে রাখতে চাই না। কারণ গুরুত্বপূর্ণ মুহূর্তে সে কাজে লাগতে পারে। আজকের ম্যাচে কাউকে ঝুঁকিতে না ফেলে এই পজিশনে কে খেলতে পারে সেটা দেখার সুযোগ ছিল।
সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন লিওনেল মেসি। তিনি বিশ্রামে ছিলেন। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ফ্রি-কিকে গোল করেছেন। স্কালোনি জানিয়েছেন, মেসি নিজেই চেয়েছিলেন বেঞ্চে থাকতে। তিনি চেয়েছিলেন দলের বাকিরা খেলার সুযোগ পাক।
কোচ বলেছেন, ‘আজ সে ৯০ মিনিট খেলতে পারত। প্রতিপক্ষকে ছোট না করে বলছি, সে আরও রেকর্ড গড়তে পারত। কিন্তু সে চেয়েছে সতীর্থরা খেলুক এবং সামনের ম্যাচের জন্য নিজে প্রস্তুত থাকুক।
তিনি আরও বলেন, এটা তার সম্পর্কে অনেক কিছু বলে দেয়। কারণ যেগুলো নিয়ে সবাই কথা বলে, সে সেই সংখ্যাগুলো নিয়ে মাথা ঘামায় না। এটা বলে দেয় জাতীয় দল, দল এবং সতীর্থরা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এরপর আমিও আপনাদের মতো: আর কোনো কথা নেই।
আরটিভি/এসআর



