সবচেয়ে প্রিয় প্রতিপক্ষের নাম জানালেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৯ জুন ২০২৬ , ১০:০৯ এএম


সবচেয়ে প্রিয় প্রতিপক্ষের নাম জানালেন নেইমার
নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

প্রায় এক হাজার দিনের বিরতির পর পুরোপুরি ফিট হয়ে আবারও ব্রাজিল দলে ফিরেছেন নেইমার। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এবার শেষ ৩২-এর লড়াইয়ে তার সামনে অপেক্ষা করছে এমন এক প্রতিপক্ষ, যাদের বিপক্ষে তিনি ক্যারিয়ারের সবচেয়ে বেশি সফল জাপান।

জাপানের বিপক্ষে এখন পর্যন্ত মাত্র পাঁচ ম্যাচ খেলেই ৯ গোল করেছেন নেইমার। আন্তর্জাতিক ফুটবলে কোনো প্রতিপক্ষের বিপক্ষে এত গোল নেই তার। এরপর রয়েছে পেরুর বিপক্ষে ৬ গোল। এছাড়া বলিভিয়া, ইকুয়েডর ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে করেছেন ৫টি করে গোল।

ব্রাজিলের জার্সিতে ১২৯ ম্যাচে ৭৯ গোল করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার। তিনি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি পেলেকে। ২০১০ সালে মাত্র ১৮ বছর ৬ মাস বয়সে জাতীয় দলে অভিষেক হওয়ার পর এবার তিনি পেলে, রোনাল্ডো ও কাফুর পর চতুর্থ ব্রাজিলিয়ান হিসেবে চারটি বিশ্বকাপে খেলার কীর্তি গড়েছেন।

জাপানের বিপক্ষে নেইমারের প্রথম ম্যাচ ছিল ২০১২ সালের ১৬ অক্টোবর পোল্যান্ডে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে। সেদিন ব্রাজিল ৪-০ গোলে জয় পায়, যেখানে দুটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তাও করেন তিনি। তখন তার বয়স ছিল মাত্র ২০ বছর এবং তিনি খেলছিলেন সান্তোসে।

দ্বিতীয়বার মুখোমুখি হন ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপের উদ্বোধনী ম্যাচে। খেলার তিন মিনিটেই দুর্দান্ত এক ভলিতে গোল করেন নেইমার। সেই গোলটি পরবর্তীতে ব্রাজিলের জার্সিতে তার অন্যতম সেরা গোল হিসেবে স্বীকৃতি পায়। ওই আসরে ব্রাজিল শিরোপা জেতে এবং নেইমার জেতেন গোল্ডেন বল।

জাপানের বিপক্ষে তার সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স আসে ২০১৪ সালের ১৪ অক্টোবর সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে। একাই চার গোল করে ব্রাজিলকে ৪-০ ব্যবধানে জয় এনে দেন তিনি। ওই ম্যাচে ফ্রি-কিক ক্রসবারে না লাগলে গোলসংখ্যা আরও বাড়তে পারত।

এই চার গোলের মাধ্যমে ২০০০ সালের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে এক ম্যাচে চার গোল করার কীর্তি গড়েন নেইমার। আন্তর্জাতিক ফুটবলে মাত্র ৫৮ ম্যাচেই তার গোলসংখ্যা পৌঁছে যায় ৪০-এ।

ক্লাব ফুটবলেও একাধিকবার চার গোল করেছেন নেইমার। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল, সান্তোস, বার্সেলোনা ও প্যারিস সেন্ট-জার্মেইনের জার্সিতেও এই কীর্তি রয়েছে তার। এমনকি ২০১০ সালে কোপা দো ব্রাজিলে গুয়ারানির বিপক্ষে এক ম্যাচে করেছিলেন পাঁচ গোল।

সাম্প্রতিক সময়েও জাপানের বিপক্ষে গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন নেইমার। ২০১৭ সালে ব্রাজিলের ৩-১ জয় এবং ২০২২ সালে ১-০ জয়ের ম্যাচেও গোল করেন তিনি। ফলে মাত্র পাঁচ ম্যাচেই জাপানের বিপক্ষে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯-এ।

আরও পড়ুন

এবার শেষ ৩২-এর ম্যাচে যদি নেইমার মাঠে নামেন, তবে সেটিই হবে জাপানের বিপক্ষে তার ষষ্ঠ ম্যাচ। ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা, প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে আবারও নিজের গোলের খাতা সমৃদ্ধ করবেন এই তারকা ফরোয়ার্ড।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission