বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার আগে বড় সুখবর পেয়েছে আর্জেন্টিনা। আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে টুর্নামেন্টের চমক জাগানো দল কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিশ্চিয়ান রোমেরোর ফিট হয়ে ওঠা আর্জেন্টিনা শিবিরে নতুন আত্মবিশ্বাস যোগ করেছে। হাঁটুর চোট কাটিয়ে আবারও দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন দলের অন্যতম ভরসার এই সেন্টার ব্যাক।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচেই মাঠে দেখা যেতে পারে তাকে। রোমেরোর ফেরায় সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছেন কোচ লিওনেল স্কালোনি। নকআউট পর্বে শক্তিশালী রক্ষণভাগ গড়ে তোলার পরিকল্পনায় এই ডিফেন্ডারের উপস্থিতি বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
২৮ বছর বয়সী এই ডিফেন্ডার গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান। ম্যাচের ৫৭ মিনিটে অস্বস্তি অনুভব করলে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। সেই চোটের কারণে জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারেননি তিনি। তার পরিবর্তে একাদশে সুযোগ পান অভিজ্ঞ নিকোলাস ওটামেন্দি।
রোমেরোকে ছাড়াই জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ পর্ব শেষ করে আর্জেন্টিনা। তবে নকআউট পর্বের আগে তাকে ফিরে পাওয়াকে বড় অর্জন হিসেবেই দেখছে আলবিসেলেস্তেরা।
জর্ডান ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছিলেন, শেষ ষোলোর আগেই রোমেরোকে ফেরানোর ব্যাপারে তিনি আশাবাদী। সেই আশার প্রতিফলন দেখা যায় সোমবার (২৯ জুন), যখন ক্যানসাস সিটিতে এক দিনের বিশ্রামের পর দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেন এই ডিফেন্ডার।
অনুশীলনে তাকে পুরোপুরি স্বাভাবিক ছন্দে দেখা গেছে। দৌড়ানো, বল নিয়ন্ত্রণ এবং দলীয় অনুশীলনের সব পর্বেই বেশ স্বাচ্ছন্দ্যে অংশ নেন তিনি। এতে ধারণা করা হচ্ছে, কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশেই ফিরতে পারেন টটেনহ্যামের এই তারকা তারকা।
আর্জেন্টিনার রক্ষণভাগে দীর্ঘদিন ধরেই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রোমেরো। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর পাশাপাশি পেছন থেকে আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রেও তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নকআউট পর্বের মতো চাপের ম্যাচে তার অভিজ্ঞতা দলের জন্য বাড়তি শক্তি হিসেবে কাজ করবে।
গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচ জিতে বর্তমানে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে আর্জেন্টিনা। এখন লক্ষ্য কেপ ভার্দেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা। সেই অভিযানের আগে রোমেরোর প্রত্যাবর্তন স্কালোনির দলের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।
আরটিভি/এআর



