ক্রোয়েশিয়াকে হারানোর পর প্রয়াত সতীর্থ দিয়াগো জোতার জার্সি গায়ে আবেগ ধরে রাখতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি বলেন, এই জয় শুধুই ফুটবলের নয়, পুরো দলের জন্য ছিল আবেগের এক বিশেষ মুহূর্ত।
ম্যাচ শেষে ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, আজ আমরা সবাই দিয়েগোকে নিয়ে কথা বলেছি। জীবনের এই কাকতালীয় ঘটনা অবিশ্বাস্য। আজকের পরিস্থিতি আমাকে সত্যিই বিস্মিত করেছে। এই জয় আমাদের জন্য অনেক বড় অর্থ বহন করে।
রোনালদো বলেন, শুধু আমরা জিতেছি বলেই নয়, যেভাবে জিতেছি সেটিও গুরুত্বপূর্ণ। আমরা জানতাম এটি কঠিন ম্যাচ হবে। ক্রোয়েশিয়া একটি দুর্দান্ত দল।
ম্যাচ শেষে রোনালদোকে দেখা যায় জোতার ২১ নম্বর জার্সি পরে মাঠে নামতে। তিনি সাবেক সতীর্থ লুকা মদ্রিচকে আলিঙ্গন করেন এবং পুরো পর্তুগাল দল মিলে জোতার জার্সি হাতে স্মারক ছবিও তোলে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৩ জুলাই, স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দিয়েগো জোতা।
আরটিভি/এসআর



