ফুটবল ইতিহাসের অন্যতম মহানায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। যার বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার দীর্ঘদিনের স্বপ্ন অপূর্ণই রয়ে গেল। নাটকীয় ও রোমাঞ্চকর লড়াই শেষে পর্তুগালকে বিদায় করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। আর এতেই শেষ হয়ে গেল দলটির অধিনায়কের দীর্ঘ ও গৌরবময় যাত্রা।
তিনি বিদায় নিলেন অথবা তাকে বিদায় জানাতে হলো। যেভাবেই বলা হোক, বিশ্বকাপে এখানেই তার শেষ।
রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষের কবিতায় লিখেছিলেন-
‘ফিরিবার পথ নাহি,
দূর হতে দেখ চাহি
পারিবে না চিনিতে আমায়।
হে বন্ধু বিদায়।’
সত্যি যে, ৪১ বছর বয়সী এই তারকার বিশ্বকাপে ফেরার পথ বাকি নেই। তবে তাকে কখনও চিনতে ভুল করবে না ফুটবলপ্রেমীরা।
ক্রিশ্চিয়ানো রোনালদো পুরো বিশ্বকাপ ক্যারিয়াজুড়ে নকআউট ম্যাচে মাত্র একটি গোল করেছেন। সেটি এসেছে ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে। এরপর শেষ ষোলোতে স্পেনের কাছে এই হার।
ছয়টি বিশ্বকাপ খেলা রোনালদো আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা গোলদাতা হলেও, বিশ্বকাপের নকআউট পর্বে তার অবদান পরিসংখ্যানের বিচারে সীমিতই থেকে গেল। বিশ্বকাপে ১১ গোল করার পাশাপাশি শেষ বিশ্বকাপে তিন গোল করেও নকআউটে মাত্র একটি গোলের রেকর্ড নিয়েই বিশ্বকাপকে বিদায় জানালেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।
৪১ বছর বয়সী রোনালদো ম্যাচের আগেই জানিয়েছিলেন, এটাই হবে তার শেষ বিশ্বকাপ। সত্যিই যদি তাই হয়, তবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকার বিদায়টা হলো অনেকটাই নীরব। শেষ বাঁশি বাজার পর চোখের জল নিয়ে একাই মাঠ ছেড়ে যান রোনালদো।
বিশ্বকাপ শুরু থেকেই প্রশ্ন ছিল, এই বয়সে এসে এই টুর্নামেন্টটা কি তার জন্য একটু বেশিই কঠিন হয়ে গেল না? মাঠের খেলাও যেন সেই প্রশ্নই সামনে এনে দিল।
আরটিভি/এসএস




