বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সম্ভাব্য শাস্তির শঙ্কা অনেকটাই কেটে গেছে। একই সঙ্গে চলতি বছরে ভারতের বাংলাদেশ সফর নিয়েও আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত জুনের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত বিসিবির নির্বাচনে সভাপতি নির্বাচিত হন তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গত ৯ জুলাই আইসিসির বোর্ড সভায় অংশ নেন তিনি। লন্ডনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ওই সভায় বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন বিসিবি সভাপতি।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারায় বাংলাদেশের বিপক্ষে প্রায় ৪০ কোটি টাকার জরিমানা হতে পারে বলে আলোচনা ছিল। তবে আইসিসির সভায় বিষয়টি নিয়ে বিসিবি সভাপতির ব্যাখ্যা গ্রহণ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ফলে বড় অঙ্কের জরিমানার আশঙ্কা আপাতত নেই বলে জানা গেছে।
বিসিবির এক পরিচালক জানান, আইসিসির আমন্ত্রণেই সভায় যোগ দেন তামিম ইকবাল। তিন দিনব্যাপী সভা শেষে তিনি মঙ্গলবার (১৪ জুলাই) রাতে দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে, চলতি বছরে ভারতের বাংলাদেশ সফর নিয়েও ইতিবাচক অবস্থানে রয়েছে বিসিবি। বোর্ডের ওই পরিচালক বলেন, সামনের ভারত সিরিজ নিয়ে আমরা ইতিবাচক। পাশাপাশি বড় বড় দলগুলোর বিপক্ষে আরও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের বিষয়েও কাজ চলছে।
আইসিসির সম্ভাব্য শাস্তি এড়ানোর পাশাপাশি শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিয়মিত সিরিজ আয়োজনের উদ্যোগ বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
আরটিভি/এসকে



