বিশ্বকাপের ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল জয়ের পর ফকল্যান্ডস (মালভিনাস) দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শন করায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
বুধবার (১৫ জুলাই) আটলান্টায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে নাটকীয়ভাবে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচ শেষে উদযাপনের সময় দলের কয়েকজন খেলোয়াড় একটি ব্যানার হাতে নেন, যেখানে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, "Las Malvinas son Argentinas" বাংলায় যার অর্থ, ফকল্যান্ডস (মালভিনাস) আর্জেন্টিনার।
ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ দক্ষিণ-পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি ব্রিটিশ ওভারসিজ টেরিটরি। তবে দীর্ঘদিন ধরে দ্বীপটির সার্বভৌমত্ব দাবি করে আসছে আর্জেন্টিনা, যেখানে দ্বীপটি ইসলাস মালভিনাস নামে পরিচিত।
এই দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে ১৯৮২ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে ৭৪ দিনব্যাপী যুদ্ধ সংঘটিত হয়। ওই যুদ্ধে ৬৫৫ জন আর্জেন্টাইন এবং ২৫৫ জন ব্রিটিশ সেনাসদস্য নিহত হন। এছাড়া প্রাণ হারান দ্বীপটির তিনজন বাসিন্দাও।
ফিফার নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবলে রাজনৈতিক বার্তা বা প্রতীক প্রদর্শন নিষিদ্ধ। এ কারণে আর্জেন্টিনার এই উদযাপন শাস্তিযোগ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই ধরনের বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা। তখন সংস্থাটি জানিয়েছিল, ঘটনাটি রাজনৈতিক কর্মকাণ্ড এবং দলের অসদাচরণবিষয়ক নিয়ম লঙ্ঘনের শামিল।
ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে এবারও একই ধরনের অভিযোগে ফিফা আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জোর আলোচনা চলছে। তবে এ বিষয়ে ফিফার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
আরটিভি/এসকে



