স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে ধারে দলে ভিড়িয়েছে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা। প্রখ্যাত দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, বুধবার দুই ক্লাবের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়েছে।
চুক্তি অনুযায়ী, ১৮ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার ২০২৭ সালের জুন পর্যন্ত ফিওরেন্তিনার হয়ে খেলবেন। এরপর তিনি আবার রিয়াল মাদ্রিদে ফিরে যাবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ধারের চুক্তিতে মাস্তানতুয়োনোকে স্থায়ীভাবে দলে নেওয়ার কোনো সুযোগ (বাই অপশন) রাখা হয়নি।
গত গ্রীষ্মে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে ৬৩.২ মিলিয়ন ইউরোর বিনিময়ে মাস্তানতুয়োনোকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। পিএসজিসহ ইউরোপের একাধিক শীর্ষ ক্লাবকে পেছনে ফেলেই এই প্রতিভাবান ফুটবলারকে দলে নিয়েছিল লস ব্লাঙ্কোসরা।
রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পরিকল্পনা স্পষ্ট মাস্তানতুয়োনোকে ভবিষ্যতের অন্যতম তারকা হিসেবে গড়ে তোলা। তাই তাকে স্থায়ীভাবে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা নেই ক্লাবটির।
২০০৭ সালের ১৪ আগস্ট আর্জেন্টিনার আসুল শহরে জন্ম নেওয়া মাস্তানতুয়োনো বাঁ পায়ের নিখুঁত ড্রিবলিং, দূরপাল্লার শট এবং আক্রমণভাগের একাধিক পজিশনে খেলার সক্ষমতার জন্য ইতোমধ্যেই নজর কেড়েছেন।
রিয়ালের হয়ে নিজের প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রায় ৩৫টি ম্যাচে মাঠে নেমে ৩ গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন তিনি। তবে তারকাবহুল দলে নিয়মিত একাদশে সুযোগ সীমিত হওয়ায় খেলার অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই তাকে ধারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
ইতালিয়ান নাগরিকত্ব ও পাসপোর্ট থাকায় সিরি ‘আ’-তে খেলতে মাস্তানতুয়োনোর ইইউ-বহির্ভূত খেলোয়াড় কোটার কোনো জটিলতা থাকবে না। অন্যদিকে, নতুন কোচ ফাবিও গ্রোসোর অধীনে নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাওয়া ফিওরেন্তিনা এই আর্জেন্টাইন প্রতিভাকে আক্রমণভাগের গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবেই দেখছে।
সৌদি প্রো লিগ কিংবা রিভার প্লেটে ফেরার সম্ভাবনা থাকলেও রিয়াল মাদ্রিদ চেয়েছিল, মাস্তানতুয়োনোর উন্নতির জন্য তিনি ইউরোপের শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতামূলক লিগেই নিয়মিত খেলার সুযোগ পান। সেই লক্ষ্যেই তাকে ফিওরেন্তিনায় ধারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরটিভি/এসকে



