তেলের বাড়তি দাম ও সংকটের এই সময়ে অনেকেই হয়তো ভাবছেন এর বিকল্প কী হতে পারে। এমন পরিস্থিতিতে ইলেকট্রিক গাড়ির কথাই প্রথমে মাথায় আসে। কিন্তু তখনই আবার হতাশা কাজ করে চার্জিং ইস্যু নিয়ে। কারণ একটি ইলেকট্রিক গাড়ি চার্জ দিতে গেলে বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা।
বর্তমান সময়ে বাজারে থাকা উন্নত প্রযুক্তির ফাস্ট চার্জার ব্যবহার করলেও কমপক্ষে ২০–৩০ মিনিট সময় লাগে। আর বাসায় বসে চার্জ দিলে ৬–৮ ঘণ্টা অপেক্ষা করা তো স্বাভাবিক বিষয়। তবে এখন সেই চিত্র বদলাতে শুরু করেছে।
চীনের ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান CATL উদ্ভাবন করেছে এমন এক ব্যাটারি প্রযুক্তি, যার মাধ্যমে মাত্র ৬ মিনিটেই একটি গাড়ি ফুলচার্জ করা সম্ভব বলে দাবি করা হচ্ছে। অর্থাৎ, যেখানে আগে আধা ঘণ্টা বা তারও বেশি সময় লাগত, এখন সেখানে কয়েক মিনিটই যথেষ্ট। চার্জ দেওয়ার জন্য আলাদা করে সময় নষ্ট করতে হবে না—যাত্রার মাঝেই ছোট একটি বিরতি, আর তারপর আবার গন্তব্যের পথে ছুটে চলা সম্ভব।
বেইজিংয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে CATL উন্মোচন করেছে দুটি নতুন ব্যাটারি—‘কিলিন’ লং-রেঞ্জ কনডেন্সড ব্যাটারি এবং ‘শেনশিং’ সুপারফাস্ট চার্জিং ব্যাটারি।
প্রতিষ্ঠানটির দাবি, এই ব্যাটারির সাহায্যে একটি সেডান গাড়ি একবার চার্জেই প্রায় ১,৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। অর্থাৎ, ঢাকা থেকে চট্টগ্রাম তো বটেই, তারও অনেক দূর পর্যন্ত একটানা যাত্রা করা সম্ভব হবে।
এই ব্যাটারির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর উচ্চ ভোল্টেজ প্রযুক্তি, যা দ্রুত চার্জ গ্রহণের সক্ষমতা তৈরি করেছে।
বর্তমানে বিশ্বজুড়ে ব্যবহৃত ইলেকট্রিক গাড়ির ব্যাটারির একটি বড় অংশই সরবরাহ করে CATL। বিশ্ববাজারে তাদের অবস্থান বেশ শক্ত। ইতোমধ্যে একাধিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে তারা, এবং বিভিন্ন সেডান, SUV ও নতুন প্রজন্মের ইলেকট্রিক গাড়িতে এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রযুক্তি যদি বাস্তবে ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়, তাহলে ইলেকট্রিক গাড়ির গ্রহণযোগ্যতা দিনদিন বাড়বে। কারণ চার্জিং সময় নিয়ে যে বড় উদ্বেগ ছিল, তা অনেকটাই কমে আসবে।
সময় সাশ্রয় ও দীর্ঘ পথ পাড়ি দেওয়ার এই নতুন সমীকরণই হয়তো বদলে দেবে ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা— যেখানে জ্বালানির জন্য দীর্ঘ অপেক্ষার বদলে কয়েক মিনিটের বিরতিতেই যানবাহন আবার প্রস্তুত হয়ে উঠবে পথচলার জন্য।
আরটিভি/এমএইচজে



