বর্তমানে সাগরে সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘণীভূত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এ অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ ছাড়া বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরটিভি/আরএ



