বঙ্গোপসাগরের মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ এ পরিণত হয়েছে ইতোমধ্যে। ক্রমেই এটি পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি অবশ্য কোনও উপকূলে আঘাত হানার আগেই সাগরের মধ্যে শেষ হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক সংস্থাগুলো।
তবে, এর মধ্যেই খবর, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে আগামী ২৪ ঘন্টার মধ্যে।
বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত আরেকটি লঘুচাপ ঘণীভূত ও সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর-
উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। একইসঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন
এলাকায় অবস্থান করছে।
এ অবস্থায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বাংলাদেশিদের জন্য সতর্কতাস্বরূপ কয়েকটি পরামর্শ দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
সেখানে তিনি উপকূলবর্তী কৃষকদের জন্য পরামর্শ দিয়ে লিখেছেন, সর্বশেষ পূর্বাভাস অনুসারে সম্ভব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে ডিসেম্বর মাসের ৪ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত বাংলাদেশের উপরে হালাক থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা রয়েছে। ফলে জমিতে থাকা পাকা আমন ধান কাটা ও মাড়াই করা শেষ করার পরামর্শ দেওয়া যাচ্ছে ডিসেম্বর মাসের ৩ তারিখের মধ্যে। শীতকালীন শাক-সবজি চাষিরা সম্ভব্য এই বৃষ্টিপাতের কথা মাথায় রেখে বীজ বোনা ও জমিতে সেচ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। ডিসেম্বর মাসের ৩ তারিখ পর্যন্ত জন্য রোদ্দৌজ্জল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে পুরো দেশে।
এরপর জেলেদের জন্য পরামর্শ দিয়ে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, ডিসেম্বর মাসের ৩ তারিখের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়ার শুরু করার আশংকা করা যাচ্ছে। ২ ডিসেম্বরের মধ্যে উপকূলে ফেরার জন্য প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে সমুদ্রে মাছ ধরা সকল ট্রলারকে। ২রা ডিসেম্বরের পরে নতুন করে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সবশেষে সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণেচ্ছু পর্যটকদের উদ্দেশে এ আবহাওয়াবিদ লিখেছেন, ডিসেম্বর মাসের ৩ তারিখের পর থেকে উত্তর বঙ্গোপসাগরের সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। ডিসেম্বর মাসের ৪ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত টেকনাফ ও সেন্টমার্টীন দ্বীপের মধ্যবর্তী সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকার আশঙ্কা করা যাচ্ছে।
আরটিভি/এসএইচএম




