ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতের মধ্যে ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৬:১৫ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ওপর দিয়ে আজ রাতের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব অঞ্চলের নৌবন্দরে ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুর ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঝড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের সময় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অপরদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে শুক্রবার (১৫ মে) দুপুরে তার আইডিতে দেয়া পোস্টে তিনি লিখেছেন, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: দুপুর ৩টার পর থেকে রাত ১০টার মধ্যে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকা জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগ: দুপুর ৩টার পর থেকে রাত ১২টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ও রাঙামাটি জেলার ওপরে।

রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের জেলাগুলোতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ১২টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬টার মধ্যে বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে।

খুলনা বিভাগ: খুলনা বিভাগের জেলাগুলোতেও আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

বরিশাল বিভাগ: দুপুর ৩টার পর থেকে রাত ১০টার মধ্যে বরিশাল বিভাগের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগ: দুপুর ২টার পর থেকে শনিবার বিকেল ৬টার মধ্যে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার কিছু কিছু উপজেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রাত ১০টার পর থেকে ভোর ৪টার মধ্যে রংপুর বিভাগের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ: সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় এরই মধ্যে বৃষ্টি হচ্ছে, যা দুপুর ৩টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া দুপুর ৩টার পর থেকে শনিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলার কিছু উপজেলায় বৃষ্টিপাত হচ্ছে, যা দুপুর ৩টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া বিকেল ৬টার পর থেকে শনিবার সকাল ৮টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তীব্র শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ঝরছে বৃষ্টি, কমেছে তাপমাত্রা। তবে এই বৃষ্টিকে শীতের স্থায়ী আগমন ভাবার সুযোগ নেই। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।  আবহাওয়ার বর্তমান পরিস্থিতি বলছে, নভেম্বরের এই বৃষ্টি সাময়িকভাবে ঠান্ডার অনুভূতি বাড়ালেও শীতের স্থায়ী আগমনের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কেটে গেলে আগামী রোববার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।  এরপর তাপমাত্রার ওঠানামা চলতে পারে। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমার প্রবণতা বাড়লে শীতের আমেজও স্পষ্ট হবে। তাই নভেম্বরের বৃষ্টিকে আগাম বার্তা বলা গেলেও একে শীতের পূর্ণ আগমন বলা যাচ্ছে না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে। এই নভেম্বর রেইন কি শীত নামিয়ে দিবে? নভেম্বর মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত বেশি হয়েছে নাকি কম, তা এখন-ই বলা না গেলেও চলমান বৃষ্টির কারণে সাময়িকভাবে ঠান্ডা অনুভূত হচ্ছে এবং আগামী কয়েক দিনও হতে পারে। তবে এটিকে শীতের স্থায়ী আগমন হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ বজলুর রশীদ বলছেন, চলমান বৃষ্টিপাতের পর রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে সাময়িকভাবে ঠাণ্ডার অনুভূতি বাড়লেও সেটিকে শীতের স্থায়ী আগমন বলা যাবে না। কারণ বৃষ্টির পর সাময়িকভাবে তাপমাত্রা কমলেও পরবর্তী সময়ে আবার বাড়তে পারে। মূলত, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে, যার প্রভাবে উত্তরাঞ্চলে আগে শীতের অনুভূতি বাড়বে। ঢাকা ও দক্ষিণাঞ্চলে শীতের অনুভূতি বাড়তে আরও কিছুটা সময় লাগতে পারে। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে বলেও জানান তিনি। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলছেন, এ ধরনের আবহাওয়াব্যবস্থার প্রভাবে বৃষ্টিপাত হলে ভূপৃষ্ঠের তাপমাত্রা কিছুটা কমে যায়। তবে শুধু বৃষ্টির কারণেই শীত নামে না। তার ভাষায়, নভেম্বরের শেষ দিকে এমনিতেই দিনের দৈর্ঘ্য কমে এবং রাত বড় হতে থাকে। ফলে সূর্যের তাপ পাওয়ার সময়ও কমে আসে। এরই ধারাবাহিকতায় ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়তে থাকে। তিনি বলেন, সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল বিরাজ করে। আর নভেম্বরের শেষ দিক থেকে বাংলাদেশে শীতের আগমনী পরিস্থিতি শুরু হয়। তবে শীতের তীব্রতা বছরভেদে কমবেশি হতে পারে। এবারের শীত কেমন হতে পারে, সে বিষয়েও একটি ধারণা দিয়েছেন এই আবহাওয়াবিদ। ড. মল্লিকের মতে, চলতি মৌসুমে বাংলাদেশে তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, গত ৩০ বছরের তুলনায় এবার শীতকালে রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। ফলে শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব তুলনামূলক কম হতে পারে। এমনকি শীতের সামগ্রিক স্থায়িত্বও কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর অর্থ এই নয় যে শীতকালে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে না বা শৈত্যপ্রবাহ হবে না। আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ প্রসঙ্গ বলা হয়েছে, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে আট থেকে দশটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। আরটিভি/এসআর  
তীব্র শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর
আগামী ৫ দিন কেমন থাকবে সারাদেশের আবহাওয়া, জানাল আবহাওয়া অফিস
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এতে সারাদেশে বৃষ্টিপাত কমে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (২১ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে আগামী চার দিনের দেশের আবহাওয়া কেমন থাকবে তা জানানো হয়েছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে। সোমবার (২৩নভেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আরটিভি/এসআর  
আগামী ৫ দিন কেমন থাকবে সারাদেশের আবহাওয়া, জানাল আবহাওয়া অফিস
রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ঘূর্ণিঝড় আকভান নিয়ে সবশেষ যা জানাল আবহাওয়া অফিস
ঘূর্ণিঝড় আকভানের কারণে সমুদ্রবন্দরগুলোকে দেখানো সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় আকভান নিয়ে সবশেষ যা জানাল আবহাওয়া অফিস
সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
দেশের সাত অঞ্চলে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
আরও পড়ুন
নবীনদের জ্ঞানচর্চা, স্বাধীনতা ও ভালো মানুষ হওয়ার আহ্বান ডিআইইউ উপাচার্যের
ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাটে আগুন, মা-ছেলের মৃত্যু
যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে ঢাকার দূতাবাসের সতর্কতা
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ২৯৯ জন ধরা