রাতের মধ্যেই দেশের ২ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১টার পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছেন সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
তিনি জানিয়েছেন, সোমবার দিবাগত রাত ১টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আজ সন্ধ্যায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে নীলফামারীর রাজারহাটে ২ মিলিমিটার ছাড়াও দেশের কয়েকটি অঞ্চলে সামান্য বৃষ্টি হয়েছে।
এই অবস্থায় আগামী ৫ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে।
এছাড়া বর্ধিত ৫ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরটিভি/এসআর




