দেশের ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

আরটিভি নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬ , ০১:৫৬ পিএম


দেশের ১৪ অঞ্চলে ঝড়ের আভাস
ছবি: সংগৃহীত

দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে শনিবার(৬জুন) সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ ও ২ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় তীব্র ঝড়ের সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও মাদারীপুর অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং প্রদর্শিত সংকেত মেনে চলার অনুরোধ জানিয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের সকালবেলার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission