দেশের বিভিন্ন এলাকায় আগামী টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাজশাহী, পাবনা ও যশোর জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আপাতত অব্যাহত থাকতে পারে।
শনিবার (২৭ জুন) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকবে। এ সময় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বর্তমানে রাজশাহী, পাবনা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু সময় অব্যাহত থাকতে পারে। তবে আগামী কয়েক দিনে দেশের দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন হলেও বৃষ্টির কারণে কিছু এলাকায় তাপমাত্রা কমতে পারে।
আরটিভি/জেএমএ



