images

শিল্প-সাহিত্য

জাতীয় কবির ফেনী আগমনের শতবর্ষে দিনব্যাপী ‘নজরুল মেলা’ অনুষ্ঠিত

রোববার, ০২ আগস্ট ২০২৬ , ০৯:৫১ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঐতিহাসিক ফেনী আগমনের ১০০ বছর পূর্তি এবং সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ফেনী সাহিত্য সভার উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য ‘নজরুল মেলা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) ফেনীর নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, স্মারক বক্তৃতা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, প্রকাশনার মোড়ক উন্মোচন, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং নতুন কার্যকরী কমিটি ঘোষণাসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়।

এ দিন সকালে জাতীয় কবির ফেনী আগমনের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত গ্র্যান্ড হক টাওয়ার প্রাঙ্গণে স্থাপিত নজরুল ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারে শিশু-কিশোরদের অংশগ্রহণে নজরুলের ছবি আঁকা ও নজরুল বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় ‘নজরুলের ফেনী আগমনের ১০০ বছর : চির গৌরবের স্মৃতি’ শীর্ষক কথামালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব মনিরা হকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ইতিহাস গবেষক ও ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এবং ফেনীর প্রধান কবি মনজুর তাজিম। সভাপতিত্ব করেন ফেনী সাহিত্য সভার সদস্য সচিব বকুল আকতার দরিয়া।

আরও পড়ুন
ko

‘আবু সাঈদ সংখ্যাটি ইতিহাসে একটি দলিল হয়ে থাকবে’

এ পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন ইমন উল হক (সমাজসেবক ও সংগঠক), ফখরুদ্দিন আলী আহমেদ তিতু (সভাপতি, নজরুল একাডেমি) এবং আসাদুজ্জামান দারা।

দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় নজরুল স্মারক বক্তৃতা (পর্ব-১)। ‘বাংলাদেশে নজরুল চর্চা’ বিষয়ে আয়োজিত এই পর্বের প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের মাননীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম. এ. খালেক, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার এবং নাসির উদ্দিন খোন্দকার। স্মারক বক্তা ছিলেন বিশিষ্ট কবি, নজরুল গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক গাউসুর রহমান। সভাপতিত্ব করেন ফেনী সাহিত্য সভার আহ্বায়ক শাবিহ মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার চিরন্তন প্রতীক। তার আদর্শ ও সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকেও আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ফেনীতে কবির আগমনের শতবর্ষ উদযাপনের এ আয়োজন ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

fn2

এ পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন নঈম উল্লাহ চৌধুরী বরত (সদস্য সচিব, ফেনী জেলা যুবদল), নাসির উদ্দিন সাইমুম (নাট্যসংগঠক), মোহাম্মদ ইলিয়াছ (সম্পাদক, ফেনীর প্রয়াস), রশিদ মজুমদার (প্রধান সমন্বয়ক, মানবিক ফেনী) এবং মোহাম্মদ দিলদার হোসেন (সাংগঠনিক সম্পাদক, জাসাস, ফেনী)।

সম্মাননা, প্রকাশনা ও মোড়ক উন্মোচন পর্বে প্রধান অতিথি হিসেবে মুন্সী রফিকুল আলম মজনু এমপি ‘পানসি’ পত্রিকার বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন এবং কৃতি নজরুল গবেষকদের হাতে ‘নজরুল সম্মাননা’ ক্রেস্ট তুলে দেন। এ বছর সম্মাননা লাভ করেন বিশিষ্ট কবি, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক গাউসুর রহমান এবং বিশিষ্ট কবি, গবেষক ও শিক্ষাবিদ ড. আবু হেনা আবদুল আউয়াল। ড. আবু হেনা আবদুল আউয়াল অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তার সম্মাননা পরে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিকেলে অনুষ্ঠিত হয় জাতীয় কবিকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠের আসর। এতে সভাপতিত্ব করেন কবি মনজুর তাজিম। প্রধান অতিথি ছিলেন কবি জিন্নাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সৈকত রায়হান ও কবি মো. আবদুল ওয়াদুদ। বক্তব্য রাখেন ওবায়েদ মজুমদার, নূরুল আমিন হৃদয়, জসিম মাহমুদ এবং কাজী ইকবাল আহমেদ পরান। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কবি তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

আরও পড়ুন
asd

প্রকাশিত হলো শিল্প-সাহিত্যের কাগজ ‘জলছবি’র আসাদ চৌধুরী সংখ্যা

বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় নজরুল স্মারক বক্তৃতা (পর্ব-২)। ‘নজরুল কাব্যে সামাজিক-রাজনৈতিক-সাহিত্যিক বিদ্রোহ’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গাউসুর রহমান। সম্পূরক আলোচক হিসেবে বক্তব্য দেন জিয়াউদ্দিন বুলবুল (কবি ও চিন্তক) এবং সুহৃদ রহমান (অনুবাদক ও কৃষিবিদ)। সভাপতিত্ব করেন কবি শাবিহ মাহমুদ।

পরে সাংস্কৃতিক পর্বে আবৃত্তি, নৃত্য, নজরুলসংগীত এবং প্রাণবন্ত সাহিত্য-সংস্কৃতি আড্ডা অনুষ্ঠিত হয়। বিকেল ৬টায় অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ।

সন্ধ্যা সাড়ে ৬টায় ফেনী সাহিত্য সভার ২০২৬–২০২৮ মেয়াদের ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে কবি বকুল আকতার দরিয়াকে সভাপতি এবং কবি শামীম পাটোয়ারীকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানের আলোচনা পর্ব সঞ্চালনা করেন কবি শামীম পাটোয়ারী এবং সাংস্কৃতিক পর্ব উপস্থাপনা করেন কবি শিরিন রহমান।

আরটিভি/এমএম