images

খেলা / ফুটবল

ইতিহাসের যে সমীকরণের জন্য আলজেরিয়ার কাছে হারতে পারে আর্জেন্টিনা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১০:১৭ পিএম

১৯৭৮ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। পরের আসর ১৯৮২ সালের প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আলবিসেলেস্তারা। ব্যতিক্রম ঘটেনি ১৯৯০ সালের বিশ্বকাপেও। ইতিহাস বলছে, প্রথম দুই শিরোপা জয়ের পরের আসরে প্রথম ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

তাই প্রশ্ন উঠছে, ২০২২ কাতার বিশ্বকাপে জয়ী দলটির ২০২৬ সালের বিশ্বকাপে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে? সেটি হলো— আগামীকাল সকালে আলজেরিয়ার বিপক্ষে হারতে যাচ্ছে মেসিরা।

১৯৭৮ সালে ঘরের মাঠে প্রথম শিরোপা জয়ের পর ১৯৮২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরেছিল আকাশি-সাদারা। বার্সেলোনার ক্যাম্প ন্যুর সেই ম্যাচে বেলজিয়ানদের হয়ে একমাত্র গোলটি করেছিলেন এরউইন ভ্যান্ডেনবার্গ।

আরও পড়ুন
LITy

নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের তুমুল সংঘর্ষ

১৯৯০ বিশ্বকাপেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ১৯৮৬ সালে মেক্সিকোতে দিয়েগো ম্যারাডোনার জাদুতে বিশ্বকাপ জয়ের পরের আসরে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে যাত্রা শুরু হয় আর্জেন্টিনার। আফ্রিকার দলটির হয়ে জয়সূচক গোলটি করেছিলেন ফ্রাঁসোয়া ওমাম-বিয়িক।

১৯৯০ সালের সেই আসরে শুরুতে ধাক্কা খেয়েও শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা। তবে শিরোপার মঞ্চে তাদের পরাস্ত হতে হয় তৎকালীন পশ্চিম জার্মানির কাছে।

আর চার বছর আগের কাতার বিশ্বকাপের স্মৃতি তো এখনও জ্বলজ্বলে। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর শেষ পর্যন্ত শিরোপা নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা। ঘুচে যায় ৩৬ বছরের ট্রফি খরা।

আরও পড়ুন
Lpy

যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হবে বাংলাদেশিদের

কানসাসে আগামীকাল (বুধবার) ভোরে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। শক্তিমত্তায় প্রতিপক্ষের চেয়ে ঢের এগিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তার মধ্যে আর্জেন্টিনা ফিরেছে ফিফা বিশ্ব র‍্যাংকিংয়ের এক নম্বরে। কাতার বিশ্বকাপের শিরোপাজয়ী দলের ১৭ জন খেলোয়াড়ের ওপর এবারও আস্থা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে নিজেদের বিশ্বকাপ মিশনে নামার আগে বেশ সতর্ক তিনি।

স্কালোনি বলেন, আলজেরিয়ার আক্রমণভাগে বেশ কয়েকজন দ্রুতগতির ফুটবলার রয়েছেন, যারা যেকোনো সময় প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন। তাই তাদের যথাযথ সম্মান দেখিয়ে সতর্কতার সঙ্গে খেলতে হবে।

স্কালোনির মতে, আলজেরিয়ার খেলার ধরনের সঙ্গে মরক্কোর কিছুটা মিল রয়েছে। তিনি আলজেরিয়ার কোচ এবং দলটির খেলোয়াড়দেরও প্রশংসা করেন।

বিশ্বকাপের শুরুতে মানসিক স্থিরতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে আর্জেন্টাইন কোচ বলেন, আগের বিশ্বকাপ থেকে আমরা শিখেছি যে প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও সেটিই সবকিছু নির্ধারণ করে না। তাই দল মানসিকভাবে স্বস্তিতে আছে এবং কোনো অতিরিক্ত চাপ নিতে চায় না।

আরটিভি/এসআর