হরতালের আগের রাতে রাজধানীতে ৪ বাসে আগুন

আরটিভি নিউজ

রোববার, ১৯ নভেম্বর ২০২৩ , ০২:১৪ এএম


রাজধানী, ৪ বাসে আগুন
ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াতের ঘোষিত ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচির আগের রাতে রাজধানীতে চার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর কাফরুল থানার তালতলা এলাকায় একটি, গুলিস্তান টোল প্লাজার সামনে একটি, মিরপুরের কালশী সড়কে একটি ও ধানমন্ডি এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এসব বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মিরপুরে বাসে আগুন : রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টা ৫৮ মিনিটে মিরপুরের কালশী সড়কে বাসটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

ধানমন্ডিতে বাসে আগুন : ধানমন্ডি এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১২টার দিকে সাভার থেকে ছেড়ে আসা মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে।

গুলিস্তানে বাসে আগুন : শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই আমরা। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তালতলায় বাসে আগুন : এর আগে, শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর কাফরুল থানা এলাকার তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই আমরা। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়।

এদিকে রোববার (১৯ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে দেশব্যাপী টানা ৪৮ ঘণ্টার হরতাল। এসময় বাস চলাচল স্বাভাবিক রাখতে মালিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। হরতাল চলাকালে যদি কোনো বাস ক্ষতিগ্রস্ত হয় তবে সেটির ক্ষতিপূরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন বলে আশ্বাস দিয়েছেন তারা।

উল্লেখ্য, রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission