ঢাকার আকাশে টার্বুলেন্সের শিকার হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ৯ সেকেন্ড স্থায়ী তীব্র ঝাঁকুনিতে পড়ে কেবিন ক্রু শাবামা আজমী মিথিলার হাত ভেঙে গেছে। তবে যাত্রীরা নিরাপদে ছিলেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার কিছু পর বিমানের বিজি-১২৮ ফ্লাইটে এই ঘটনা ঘটে। বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকার উদ্দেশ্যে আসছিল।
ফ্লাইটটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আহত মিথিলাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার বাম হাতের কনুইয়ের ওপরের হাড় ভেঙে গেছে।
যাত্রী ও কেবিন ক্রু সূত্রে জানা যায়, ঢাকার আকাশে প্রবেশের পর হঠাৎই উড়োজাহাজ তীব্র ঝাঁকুনিতে পড়ে। প্রায় ৯ সেকেন্ড ধরে চলা সেই টার্বুলেন্সে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। মিথিলা তখন গ্যালির পেছনে দাঁড়িয়ে ছিলেন, ঝাঁকুনিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
অভিযোগ উঠেছে, অবতরণের পর অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি এবং শুক্রবার হওয়ায় বিমান মেডিকেল সেন্টারও বন্ধ ছিল। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সহকর্মী কেবিন ক্রুরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, মিথিলা টার্বুলেন্সে আহত হয়েছেন এবং তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে মেডিকেল সেন্টারের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ও শনিবার সেন্টার বন্ধ থাকে।
উল্লেখ্য, মাঝ আকাশে টার্বুলেন্স নতুন কিছু নয়। তবে ঢাকার আকাশে এ ধরনের তীব্র ঝাঁকুনিতে আহত হওয়ার ঘটনা এবারই প্রথম। গত বছর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টার্বুলেন্সে একজন যাত্রীর মৃত্যু এবং বহুজন আহত হওয়ার ঘটনা আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছিল।
এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, বিপরীতমুখী বাতাসের সংঘর্ষে সৃষ্ট অনিয়মিত বায়ুপ্রবাহকে টার্বুলেন্স বলা হয়। এতে হঠাৎ ঝাঁকুনি, উচ্চতার পরিবর্তন এমনকি কয়েক হাজার ফুট নিচে নেমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
আরটিভি/এসকে




