বাংলাদেশ পুনর্গঠনে বিএনপির ৩১ দফার নানা গুরুত্ব রয়েছে বলে মনে করেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব ও জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। তিনি বলেন, এসব যেন রাজনৈতিক প্রতিশ্রুতি না হয়ে যথাযথভাবে বাস্তবায়ন হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের ডেইলি স্টার ভবনে বাংলাদেশ টুমরো ফোরামের আয়োজন করা ‘বিএনপির ৩১ দফা: গুণীজন ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক হাসান মামুন, বিশ্বব্যাংকের পরামর্শক মাহমুদ হোসেন, নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) মুহাম্মদ আশরাফুজ্জামান, ইউনাইটেড নেশনের সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ আবুল কাশেম শেখ, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেনসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে এখানে বিএনপি যা বলেছে, তাই –ই যথার্থ। এর ব্যতিক্রম হলে রাজনৈতিক সংস্কৃতির আরও সংকটে পড়েতে পারে। মিডিয়া কমিশন নিয়ে বলেন গণমাধ্যম নিয়ে যে কথা বলা হয়েছে, সেটা কীভাবে বাস্তবায়ন হবে, কতটুকু সেটাই প্রশ্ন। ক্ষমতার ভেতর-বাইরে থাকলে গণমাধ্যম ভাবনা একই রকম নয় বলে উল্লেখ করেন। রেইনবো নেশন নিয়ে বিএনপির ভাবনা আর পরিস্কার করা প্রয়োজন বলে মনে করেন।
এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ড. ফেরদৌসী বেগম বলেন, এই বিষয়গুলোতে ৩১ দফায় আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল, বিশেষ করে নারী অধিকার ও শিক্ষায়। দেশে শিক্ষায় উন্নতি হয়েছে তবে সেটা গুণগত নয়। তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়ন করার জন্য সবার আগে দরকার রাজনৈতিক সরকার। এ কারণে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান।
অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন যে, শিক্ষায় দুর্নীতি থাকলে ৩১ দফায় যে রূপরেখা রয়েছে তাতে সুফল পাওয়া যাবে না। কাঠামোগত দুর্নীতি ও গুণগত দুর্নীতি ব্যাপক মাত্রায় বিদ্যামান এখানে। স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়েও কথা বলেন বক্তারা। উনারা মনে করেন, বাংলাদেশ পুনর্গঠনে ৩১ দফার গুরুত্ব রয়েছে, তবে তা বাস্তবায়নে বড়ো চ্যালেঞ্জ বা বাধা হল দুর্নীতি।
গোলটেবিলের সমাপনী বক্তব্যে বাংলাদেশ টুমরো ফোরামের চেয়ারম্যান রাজ মাসুদ ফরহাদ বলেন, আজকের আলোচনায় আমাদের উদ্দেশ্য ছিল বিএনপির ৩১ দফা নিয়ে গুণীজনদের মত-দ্বিমত দুটোই শোনার। আমরা কেবল প্রশংসা শুনতে চাইনি, সমালোচনাও জানতে চেয়েছি। নতুন কি যুক্ত হতে পারে, কোথায় কোথায় আরও সংশোধন-সংযোজন-বিয়োজন করা যায় সেটাও আপনাদের কাছে আমাদের জানার আগ্রহ থেকে এই বৈঠক।
গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন নুসরাত লাবনী।
আরটিভি/কেআই




