জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইউনাইটেডের সাধারণ অধিবেশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাব লিমিটেডের ল্যাম্বডা হলে অনুষ্ঠিত এই অধিবেশনে আগামী বছরের (২০২৬) জন্য নতুন পরিচালনা বোর্ড নির্বাচিত হয়েছে। এতে সর্বসম্মতভাবে লোকাল প্রেসিডেন্ট (এলপি) নির্বাচিত হয়েছেন ডা. মো. এনামুল হক।
অধিবেশনে গত এক বছরের কার্যক্রমের মূল্যায়ন ও অন্যান্য সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়। লোকাল প্রেসিডেন্ট এ এফ এম ফাহমিদুর রহমান অনির সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন লোকাল সেক্রেটারি রবিউল ইসলাম এবং আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন লোকাল ট্রেজারার শাহাদাত হোসেন সাদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ এবং চ্যাপ্টারটির মেন্টর ও ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সাহারিয়ার হাসান জিসুন।
সাধারণ অধিবেশন শেষে আগামী বছরের জন্য পরিচালনা বোর্ড নির্বাচন করা হয়। নবনির্বাচিত লোকাল প্রেসিডেন্ট ডা. মো. এনামুল হক আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে দায়িত্ব পালন করবেন। ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট (আইপিএলপি) হিসেবে থাকবেন ফাহমিদুর রহমান অনি।
২০২৬ সালের বোর্ডের উল্লেখযোগ্য সদস্যরা হলেন- এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. রবিউল ইসলাম ও মীর মোহাম্মদ আলী, ভাইস প্রেসিডেন্ট মাসউদ বিন আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন সাদী, ইজেল মোর্তুজা ও রঞ্জন মীর মহসীন, সেক্রেটারি জেনারেল মাকসুদ হোসেন, ট্রেজারার তাহিয়াদুল ইসলাম তামজিদ।
নির্বাচন শেষে নতুন বোর্ড সদস্যরা শপথ গ্রহণ করেন এবং বিদায়ী এলপি ফাহমিদুর রহমান অনি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত এলপি ডা. এনামুল হকের কাছে চেইন হস্তান্তর করেন।
অধিবেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর। জেসিআই ঢাকা ইউনাইটেডের সঙ্গে সাউথ-ইস্ট ব্যাংক এবং অনলাইন শপ ‘ফিঙ্গার টিপস’-এর মধ্যে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় জেসিআইয়ের যেকোনো চ্যাপ্টারের সদস্যরা বিশেষ সুবিধা পাবেন।
জেসিআই ঢাকা ইউনাইটেডের পক্ষে ফাহমিদুর রহমান অনি, সাউথ-ইস্ট ব্যাংকের হেড অব কার্ড মো. আবদুস সবুর খান এবং ‘ফিঙ্গার টিপস’-এর ব্যবস্থাপনা পরিচালক ও চিফ এক্সিকিউটিভ অফিসার তৌফিকুল করিম সুহৃদ চুক্তিতে স্বাক্ষর করেন। অধিবেশন শেষে নৈশভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আরটিভি/এআর




