রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পানগাঁও ডক ইয়ার্ডের এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের বসুন্ধরা বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. আহমেদ দেওয়ান (৬০) কেরানীগঞ্জের দক্ষিণ পানগাঁওয়ের মৃত মফা দেওয়ানের ছেলে।
নিহতের মেয়ের জামাই পিন্টু বলেন, আমার শ্বশুর কেরানীগঞ্জের হক ডক ইয়ার্ডের নিরাপত্তাকর্মী হিসাবে চাকরি করতেন। আজ সকালের দিকে তার প্রতিষ্ঠানে ডিউটি করার জন্য যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে গতিরোধ করে পরে তার পেটে ছুরি মেরে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরটিভি/আইএম



