ঢাকার বন্ধ ও ভরাট খালগুলো খনন করা হবে: ডিএনসিসি প্রশাসক

বাসস

সোমবার, ০২ মার্চ ২০২৬ , ০৬:৩০ পিএম


ঢাকার বন্ধ ও ভরাট খালগুলো খনন করা হবে: ডিএনসিসি প্রশাসক
প্যারিস খাল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর ভরাট ও বন্ধ হওয়া খালগুলো দ্রুত খনন ও পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

সোমবার (২ মার্চ) সকালে রাজধানীর মিরপুর এলাকায় প্যারিস খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রশাসকের সঙ্গে ছিলেন।

প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, পরিকল্পিতভাবে খাল খননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা ডিএনসিসির অন্যতম লক্ষ্য। পাশাপাশি খালের দুই পাড়ে পর্যায়ক্রমে হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণের পরিকল্পনা রয়েছে। যা নাগরিক সুবিধা ও পরিবেশ রক্ষা উভয়ই নিশ্চিত করবে।

বিজ্ঞাপন

তিনি জানান, দীর্ঘদিন বেদখলে থাকা খালগুলো উদ্ধারে প্রয়োজনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সব অংশীজনের (স্টেকহোল্ডার) সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

ডিএনসিসি প্রশাসক সাধারণ জনগণ ও সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে স্বাগত জানিয়ে বলেন, এটি উন্নয়ন কাজকে আরও গতিশীল করবে।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, সামান্য বৃষ্টিতেই এই এলাকার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়।

তিনি আশা প্রকাশ করে বলেন, খালগুলো সঠিকভাবে পরিষ্কার ও গভীরতা বজায় রাখা সম্ভব হলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে।

এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission