দেশসেরা ৫০০ আলেমকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সংবর্ধনা

আরটিভি নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ০৮:১৫ পিএম


দেশসেরা ৫০০ আলেমকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সংবর্ধনা
ছবি: সংগৃহীত

কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের (মাস্টার্স সমমান) কেন্দ্রীয় পরীক্ষায় দেশসেরা ৫০০ আলেমকে সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। 

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর আফতাবনগরে অবস্থিত ফাউন্ডেশনের অডিটোরিয়োমে ‘কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। 

তিনি বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীরা শুধু দ্বীনের খেদমতেই নয়, বরং জাতির নৈতিক ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই মেধাবী আলেমদের যথাযথ মূল্যায়ন করলে ভবিষ্যতে তারা ইসলাম ও মানবতার জন্য বড় অবদান রাখতে সক্ষম হবে বলে জানান আহমাদুল্লাহ।

তার মতে, বর্তমান সময়ে জ্ঞানচর্চার পাশাপাশি চরিত্র গঠন অত্যন্ত জরুরি।

কওমি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তাদের উচিত নিজেদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা কোরআন-সুন্নাহর আলোকে সমাজকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় এ আয়োজন নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট দেন আহমাদুল্লাহ। সেখানে তিনি লিখেছেন, যেন সুবাসিত ৫০০ শুভ্র ফুল একসঙ্গে ফুটে উঠেছিল আস-সুন্নাহর সবুজ কাননে। বলছি, কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬-এর কথা। গতকাল আস-সুন্নাহ ফাউন্ডেশন অডিটোরিয়ামে সম্পন্ন হলো এই সংবর্ধনা অনুষ্ঠান।

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় দাওরায়ে হাদিসে সিরিয়াল ও মুমতাজ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীদের চারটি ওমরাহসহ ৪৫ লাখ টাকা সমমূল্যের পুরস্কার প্রদান করা হয় বলে জানান আহমাদুল্লাহ।

আবেদনকারীদের ভেতর থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫০০ জনকে সংবর্ধনার জন্য নির্বাচন করা হয় জানিয়ে আহমাদুল্লাহ বলেন, এ বছর দাওরায়ে হাদিসে সিরিয়াল প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১১১ জন। তাদের মধ্যে সংবর্ধনার জন্য আবেদন করেন ১০২ জন। মুমতাজ প্রাপ্ত ১৫৭৫ জন শিক্ষার্থীর ভেতর থেকে সংবর্ধনার জন্য আবেদন করেন ১১১৯ জন। আবেদনকারীদের ভেতর থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫০০ জনকে সংবর্ধনার জন্য নির্বাচন করা হয়।

অনুষ্ঠানের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। আরও উপস্থিত ছিলেন জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম, ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক অধ্যাপক ড. এ.বি.এম হিজবুল্লাহ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দীন, মাদরাসা দারুর রাশাদের শিক্ষা সচিব মাওলানা লিয়াকত আলী, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ, আদল অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মুফতি ইউসুফ সুলতান, হাটহাজারী মাদরাসার হাদিস বিভাগের প্রধান ড. নুরুল আবসার আজহারী, লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মাদ প্রমুখ।

শায়খ আহমাদুল্লাহ জানান, অনুষ্ঠান শেষে প্রত্যেক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় কাঙ্ক্ষিত পুরস্কার। পুরস্কারের ভেতর কিতাব কেনার নির্দিষ্ট ভাউচার ছাড়াও ছিল সংবর্ধনা অনুষ্ঠানের লোগো খচিত টেবিল ঘড়ি ও আদ-দ্বীন হেলথ কার্ড।

আরও পড়ুন

এই আয়োজন শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন, মেধার স্বীকৃতি এবং তাদের সামনে উচ্চতর গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা আহমাদুল্লাহর।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission