রাজধানীর আদাবর থানায় তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ও একাধিক মামলার আসামি রুবেল ওরফে পাংখা রুবেলকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
শুক্রবার (৮ মে) সকালে আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা।
তিনি বলেন, রুবেল আদাবর থানার ৩ টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত মোট ৯টি মামলা রয়েছে।
পুলিশ বলছে, গ্রেপ্তার রুবেল শেখেরটেক এলাকার কিশোর গ্যাং ‘রক্ত চোষা জনি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। এর আগেও রুবেল তিনবার গ্রেপ্তার হয়ে জামিনে বের হয়ে আবারও একই কাজে জড়ায়।
চব্বিশের ৫ অগাস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চুরি-ছিনতাই, ডাকাতি কিংবা খুনের ঘটনায় ঢাকায় সবচেয়ে আলোচিত মোহাম্মদপুর এলাকা। রোজকার চুরি, ছিনতাই, ডাকাতিতে অতিষ্ঠ হয়ে মোহাম্মদপুরে নাগরিকরা কয়েকদফা থানায় গিয়ে বিক্ষোভও দেখিয়েছেন।
এমন প্রেক্ষাপটে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় ‘সাঁড়াশি অভিযান’ চালিয়ে আসছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/এসএস



